বিনোদন

“নতুন সঙ্গীকে লজ্জিত করবেন না”, হৃতিককে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কঙ্গনার

হৃতিকের নাম তুলে সোশ্যাল মিডিয়ায় নিজের চরম ক্ষোভ উগরে দেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

Truth of Bengal: ২০১৬ সালের সেই বহুল চর্চিত ও বিতর্কিত হৃতিক রোশন এবং কঙ্গনা রানাউতের পুরোনো তিক্ততার আগুনে নতুন করে ঘি পড়ল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘উই নিড টু অ্যাপোলজাইজ টু হৃতিক রোশন’ ট্রেন্ড নিয়ে হৃতিক এক পরোক্ষ মন্তব্য করতেই জলঘোলা শুরু হয়। তার পরপরই হৃতিকের নাম তুলে সোশ্যাল মিডিয়ায় নিজের চরম ক্ষোভ উগরে দেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। এমনকি হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদের প্রসঙ্গ টেনে কঙ্গনা কড়া ভাষায় জানান, নতুন সঙ্গীকে যেন লজ্জিত না করে এভাবে পুরোনো বিতর্কে উসকানি দেওয়া বন্ধ করেন অভিনেতা।

ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ এক পোস্টে কঙ্গনা লেখেন, তিনি অত্যন্ত খুশি যে হৃতিক তাঁর উপযুক্ত সঙ্গী সাবা আজাদকে খুঁজে পেয়েছেন এবং তাঁরা একসঙ্গে ভালো আছেন। তবে সুদৃঢ় সম্পর্কে থাকার পর অন্য কোনো নারীকে ট্রোল করা বা খোঁচা দেওয়া হৃতিককে মানায় না। কঙ্গনার দাবি, আগুনে ঘি ঢেলে নিজের সঙ্গীকে লজ্জিত না করে বরং হৃতিকের নাম ভাঙিয়ে যাঁরা কঙ্গনাকে সোশ্যাল মিডিয়ায় বুলিং ও হেনস্থা করছে, তাদের বিরুদ্ধেই সোচ্চার হওয়া উচিত অভিনেতার।

এই নতুন বিতর্কের সূত্রপাত হয়েছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডির একটি পোস্টকে কেন্দ্র করে, যেখানে তিনি লিখেছিলেন—‘গোটা বিশ্বের উচিত হৃতিক রোশনের কাছে ক্ষমা চাওয়া’। সেই পোস্টের কমেন্ট বক্সে হৃতিক প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “শুধুমাত্র ‘B’-কে এখন আর পছন্দ করো না বলে ‘A’-এর পক্ষ নেওয়া আমাদের সমাজের এক বড় ব্যাধি।” নেটিজেনদের বড় অংশই ধরে নেন যে, হৃতিক এখানে ‘B’ বলতে পরোক্ষভাবে কঙ্গনাকেই ইঙ্গিত করেছেন। আর এরপরেই ক্ষুব্ধ কঙ্গনা পাল্টা তোপ দাগেন।

এরই মাঝে এক রসিকতাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় যখন ককরোচ জনতা পার্টির (CJP) মুখপাত্র সৌরভ দাস ঘটনাটিতে যোগ দেন। সম্প্রতি কঙ্গনা তাঁকে কটাক্ষ করেছিলেন, যা নিয়ে সৌরভ রসিকতা করে বলেন—বন্ধুরা নাকি তাঁকে জানিয়েছে তাঁকে তরুণ হৃতিকের মতো দেখতে বলেই কঙ্গনা তাঁর ওপর রেগে আছেন! উল্লেখ্য, ‘কাইটস’ ও ‘কৃষ ৩’ ছবিতে একসঙ্গে কাজ করার পর ২০১৬ সালে কঙ্গনা হৃতিককে ‘সিলি এক্স’ বলে সম্বোধন করায় আইনি লড়াই ও ইমেল বিতর্ক শুরু হয়। পরবর্তীতে সুজানের সঙ্গে বিচ্ছেদের পর হৃতিক সাবা আজাদের সঙ্গে নতুন জীবন শুরু করলেও, কঙ্গনার এই সাম্প্রতিক বার্তার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে বহু বছর পেরিয়ে গেলেও তাঁদের পুরোনো দ্বন্দ্ব এতটুকু ফিকে হয়নি।

Related Articles