কলকাতা পুরসভার কাউন্সিলরদের গ্রেফতারি অব্যাহত, এবার পুলিশের জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার
তদন্ত শুরু করে পুলিশ এবং বুধবার তাঁকে গ্রেফতার করা হয়
Truth of Bengal: কলকাতা পুরসভার কাউন্সিলরদের গ্রেফতারি অব্যাহত। এবার পুলিশের জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমাদ্দার। খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে কলকাতা পুরসভার মোট ১০ জন কাউন্সিলরকে গ্রেফতার করা হল।স্বপন সমাদ্দার বেলেঘাটা আইডি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সঙ্গেও যুক্ত ছিলেন। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের ২ মে-র একটি ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার নারকেলডাঙা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং বুধবার তাঁকে গ্রেফতার করা হয়।
স্বপনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর রুজু হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, বেআইনিভাবে আটকে রাখা, কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, সম্পত্তি নষ্ট করা, চুরি এবং ভয় দেখানোর মতো গুরুতর ধারা। অভিযোগকারীর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোটপরবর্তী হিংসার ঘটনায় স্বপন সমাদ্দারের ভূমিকা ছিল। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এলাকায় তাঁর প্রভাব ছিল বলেই সেই সময় অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে। বর্তমানে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়া এবং একের পর এক কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হওয়ায় তিনি থানার দ্বারস্থ হয়েছেন।
গত কয়েকদিনে কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পাটুলিতে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন বাপ্পাদিত্য দাশগুপ্ত। রবিবার সকালে জোড়াসাঁকোর কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রয়েছে এবং নাবালিকাকে হেনস্থার অভিযোগও উঠেছে। এর পাশাপাশি কলকাতা পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য এবং তাঁর স্বামীকেও তোলাবাজির অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। সেই ধারাবাহিকতার মধ্যেই এবার স্বপন সমাদ্দারের গ্রেফতারি শহর রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।


