নন্দীগ্রাম ও রেজিনগরে হাইভোল্টেজ উপনির্বাচন! দুই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী কারা?
শুক্রবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে দুই প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে
Truth of Bengal: নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। শুক্রবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে দুই প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিলন প্রধান। অন্যদিকে, রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করেছে মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি-কে। এআইসিসি-এর সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রার্থীদের নাম অনুমোদন করেছেন। ফলে উপনির্বাচনকে ঘিরে দুই কেন্দ্রেই কংগ্রেসের প্রস্তুতি আরও জোরদার হল।
ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে। প্রার্থী ঘোষণার পর এবার প্রচার-প্রস্তুতিতে আরও গতি আনতে চলেছে কংগ্রেস।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। পরদিন, অর্থাৎ ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্রগুলি যাচাই বা স্ক্রুটিনি করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে ভোটগ্রহণের পর ৯ অক্টোবর ভোটগণনা হবে এবং সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ায় এবার উপনির্বাচনের রাজনৈতিক লড়াই আরও জমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


