কলকাতা

এবার মেসিকাণ্ডে পুলিশের জালে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী? ! ৫ জুনের মধ্যে হাজিরার নোটিশ বিধাননগর পুলিশের

আগামী ৫ জুনের মধ্যে তাঁকে তদন্তকারীদের মুখোমুখি হতে নির্দেশ দেওয়া হয়েছে

Truth of Bengal: রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া পুরনো দুর্নীতি ও বিশৃঙ্খলার মামলায় আরও কোণঠাসা হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর পুলিশের তরফে যুবভারতীর ওই মেসিকাণ্ডে একটি নতুন করে এফআইআর দায়ের করার পরই এবার সরাসরি প্রাক্তন মন্ত্রীকে তলব করল পুলিশ। আগামী ৫ জুনের মধ্যে তাঁকে তদন্তকারীদের মুখোমুখি হতে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আইনি রক্ষাকবচ পেতে সোমবারই বারাসত আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস।

এই মেসিকাণ্ড নিয়ে জলঘোলা অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছিল। এর আগে ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত সরাসরি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। তবে রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর এই মামলাটি আরও গতি পায়। বাংলার নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই নিশীথ প্রামাণিক একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের একগুচ্ছ উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, মেসির কলকাতা সফর সংক্রান্ত সেই বিতর্কিত ফাইল তিনি তলব করেছেন। নতুন মন্ত্রীর এই সক্রিয়তার পরেই বিধাননগর পুলিশ যুবভারতী কাণ্ডে এই নতুন এফআইআর দায়ের করে, যেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সেই মেগা ইভেন্টে মারাত্মক বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছিল। সেই সময় এই ঘটনার পুরো দায় চেপেছিল ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর ঘাড়ে। যার জেরে তাঁকে দীর্ঘ ৩৮ দিন জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন শতদ্রু। তবে সম্প্রতি তিনি সংবাদমাধ্যমের সামনে কামব্যাক করে এই গোটা ঘটনার পেছনে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে একঝাঁক বিস্ফোরক অভিযোগ তোলেন। শতদ্রুর দাবি, মেসির ওই হাইপ্রোফাইল ইভেন্টে বিশৃঙ্খলার আসল কারণ ছিলেন স্বয়ং অরূপ বিশ্বাস। মেসির সফরের সময় যুবভারতীর অনুষ্ঠানের বিপুল পরিমাণ টিকিট শতদ্রুর কাছ থেকে জোরপূর্বক দাবি করেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। শুধু তাই নয়, মন্ত্রীর কথামতো টিকিট না দিলে বা তাঁর নির্দেশ অমান্য করলে গোটা অনুষ্ঠানটিই বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

শতদ্রু দত্ত অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান যে, অরূপ বিশ্বাস ফুটবল সম্রাট লিওনেল মেসিকে পাড়ার সাধারণ কোনও ছেলে ভেবে ভুল করেছিলেন। তাঁর তোপ, আন্তর্জাতিক স্তরের একটি পাবলিক ইভেন্টকে মন্ত্রী নিজের ব্যক্তিগত অনুষ্ঠান বানিয়ে ফেলেছিলেন। এমনকি মেসির কাঁধে ও পেটে হাত দিয়ে নিজের পরিবারের লোকজনকে মাঠের মাঝখানে নামিয়ে ছবি তোলার হিড়িক পড়ে গিয়েছিল। শতদ্রুর প্রশ্ন, সেদিন মাঠের ভেতর সুরক্ষাবলয় ভেঙে ছবি তোলার চক্করে যদি মেসির কোনও শারীরিক ক্ষতি হয়ে যেত, তবে তার আন্তর্জাতিক দায় কে নিত? এমনিতেই ওই ইভেন্টের অব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক স্তরে সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল। সামনে বিশ্বকাপ ফুটবল রয়েছে, তাই আন্তর্জাতিক ফুটবল মহল এই ঘটনার জন্য উদ্যোক্তা হিসেবে শতদ্রুকে কোনওভাবেই রেয়াত করত না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এবার সেই টিকিট কেলেঙ্কারি ও হুমকির মামলাতেই প্রাক্তন মন্ত্রীকে ৫ জুনের মধ্যে হাজিরার নোটিস পাঠাল পুলিশ।

Related Articles