রাজ্যের বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টারে ৩৮৬ আটক, নিরাপত্তা জোরদার প্রশাসনের
রাজ্যের হোল্ডিং সেন্টারগুলিতে ঠাঁই ৩৮৬ জনের, বসিরহাটে সর্বোচ্চ আটকের সংখ্যা

জয় চক্রবর্তী: অনুপ্রবেশ রুখতে এবং আটক ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখতে রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি করা হয়েছে একাধিক হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মোট ৩৮৬ জনকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।সবচেয়ে বেশি আটক রয়েছেন বসিরহাট পুলিশ জেলায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সেখানে মোট ৩৩৫ জনকে রাখা হয়েছে। বসিরহাটের তেঁতুলিয়া পাথরশাঠি, চারঘাট ফ্লাড সেন্টার এবং মিডিয়া সুবাসনগর ফ্লাড সেন্টারে তাঁদের রাখা হয়েছে।
এছাড়াও মুর্শিদাবাদ পুলিশ জেলায় বর্তমানে ১৯ জন আটক রয়েছেন। দক্ষিণ দিনাজপুরে রয়েছে ৮ জন এবং মালদায় ৯ জন আটক ব্যক্তি। পাশাপাশি বারুইপুর, বারাসত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর ও বনগাঁ পুলিশ জেলাতেও আটক ব্যক্তিদের রাখা হয়েছে বলে জানা গিয়েছে।রাজ্য প্রশাসনের তরফে এই সমস্ত হোল্ডিং সেন্টারে নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ডিটেনশন ও ডিপোর্টেশন প্রক্রিয়া দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলাগুলিকে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে।
সূত্রের খবর, প্রতিটি হোল্ডিং সেন্টারে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






