রাজ্যের খবর

গোপন ডেরায় মধ্যরাতে হানা! শাহজাহানের দুই বিশ্বস্ত নেত্রীকে খাঁচায় পুরল পুলিশ

ইডির ওপর হামলা, সাড়ে ৩ বছর পর পুলিশের জালে শাহজাহান ঘনিষ্ঠ ২ তৃণমূল নেত্রী

Truth of Bengal: উত্তর ২৪ পরগনার সন্দেশখালির একদা ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ও এলাকায় দাপুটে নেত্রী হিসেবে পরিচিত সবিতা রায় এবং মিঠু সর্দারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সবিতা রায় হলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভানেত্রী তথা সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী। আর মিঠু সর্দার হলেন সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ২০২৩ সালের ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে যাওয়া কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আধিকারিকদের ওপর যে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল, তার নেপথ্যে এই দুই নেত্রীর সক্রিয় উস্কানি ও ভূমিকা ছিল বলে অভিযোগ।

দীর্ঘদিন পলাতক থাকার পর মোবাইল টাওয়ার লোকেশনে ট্র্যাপ

তদন্তকারীরা জানিয়েছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করার পরেই জিরো টলারেন্স নীতি মেনে এই পলাতকদের ধরতে বিশেষ টিম গঠন করে পুলিশ। ন্যাজাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, সন্দেশখালি থেকে পালিয়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকার একটি গোপন ডেরায় গা ঢাকা দিয়ে রয়েছেন এই দুই নেত্রী। মঙ্গলবার গভীর রাতে সেখানে আচমকা হানা দিয়ে দু’জনকেই হাতেনাতে গ্রেফতার করা হয়। রাতেই তাঁদের সন্দেশখালি নিয়ে এসে দীর্ঘ জেরা করার পর বুধবার সকালে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

ইডি হামলা ছাড়াও রয়েছে ভোট পরবর্তী হিংসার মামলা

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে শুধুমাত্র ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর ও তাঁদের রক্তাক্ত করার অভিযোগই নয়, বরং ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় বিরোধীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, মারধর ও লুটপাটের একাধিক মামলা রুজু রয়েছে। বিশেষ করে মিঠু সর্দারের বিরুদ্ধে বাঘআঁচড়া ও সংলগ্ন এলাকায় তান্ডব চালানোর একাধিক অকাট্য প্রমাণ মিলেছে। এই দুই হাই-প্রোফাইল নেত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে ইডি হামলার নেপথ্যে থাকা অন্যান্য প্রভাবশালী মাথাদের নাম এবং শাহজাহানের গোপন আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখতে চাইছে পুলিশ।

Related Articles