রাজ্যের খবর

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক

বিজেপির নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।

Truth of Bengal: শপথ নেওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রশাসনিক সদর দফতর উত্তরকন্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের একাধিক জেলায় কার্যত ভরাডুবি হয়েছে ঘাসফুল শিবিরের। বেশ কয়েকটি জেলায় খাতাও খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস । অন্যদিকে বিজেপির পক্ষে ব্যাপক জনসমর্থন দেখা গিয়েছে। ফলে নতুন সরকারের কাছে উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশাও অনেকটাই বেড়েছে বলে রাজনৈতিক মহলের মত।

বিজেপির নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। আইআইটি, এইমস, ক্যানসার হাসপাতালের মতো বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়। পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থানের বার্তাও তুলে ধরা হয়েছিল। তাই মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক বৈঠক থেকে কী বার্তা উঠে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

নবান্ন সূত্রের খবর, বৈঠকে জেলার চলমান উন্নয়ন প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা-সহ একাধিক বিষয় পর্যালোচনা করা হতে পারে। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও রিপোর্ট চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।উত্তরবঙ্গ সফরের পর আগামী ২১ মে দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পাঁচ জেলার চলমান প্রকল্পগুলির অগ্রগতি, কোথায় কাজ ধীরগতিতে চলছে এবং কোন ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ প্রয়োজন— সেই সমস্ত বিষয় বিস্তারিত রিপোর্ট আকারে বৈঠকে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সরকার প্রশাসনিক কাজে গতি আনতে চাইছে বলেই এই ধারাবাহিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এরপর হাওড়া জেলা নিয়ে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর।

Related Articles