রাজ্যের খবর

“কোথায় পুষ্পা?” ফলতার সভা থেকে জাহাঙ্গীরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার সমর্থনে আয়োজিত এই মেগা প্রচার সভা থেকেই কড়া ভাষায় ডায়মন্ড হারবারের দাপুটে নেতা জাহাঙ্গীর খানকে তীব্র আক্রমণ শানালেন তিনি।

Truth of Bengal: আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রের মেগা পুনর্নির্বাচন। আর এই হাই-ভোল্টেজ ভোটের ঠিক আগেই সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম রাজনৈতিক জনসভা করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার সমর্থনে আয়োজিত এই মেগা প্রচার সভা থেকেই কড়া ভাষায় ডায়মন্ড হারবারের দাপুটে নেতা জাহাঙ্গীর খানকে তীব্র আক্রমণ শানালেন তিনি। একই সঙ্গে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও একের পর এক বিস্ফোরক তোপ দাগলেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, সাধারণ নির্বাচনের সময় ফলতা বিধানসভার একাধিক বুথে ইভিএম (EVM) কারচুপির গুরুতর অভিযোগ সামনে আসায় গোটা পরিস্থিতি খতিয়ে দেখে এই কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই পুনর্নির্বাচনের প্রচারমঞ্চ থেকেই জাহাঙ্গীর খানকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী হুঙ্কার দেন, ”কোথায় সেই ডাকাতটা? পুষ্পা নাকি কী যেন নাম! এখন আর দেখা পাওয়া যাচ্ছে না কেন? ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় যে ১৯ জন কুখ্যাত অপরাধীর নাম জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) জানিয়েছিল, সেই তালিকায় এই জাহাঙ্গীরের নামও ছিল। এবার ওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে, এলাকায় আর কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।”

ফলতা আসার পথে একাধিক জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন জানিয়ে মুখ্যমন্ত্রী নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন। শুভেন্দুর কথায়, ”আমায় রাস্তায় অনেকে দাঁড়িয়ে বললেন, ভাইপো যতদিন রয়েছেন, ততদিন নাকি তাঁরা নিজের ভোট নিজেই দিতে পারেননি। তবে আমি কথা দিচ্ছি, এবার ফলতায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হবে। আপনারা বুথে গিয়ে নিজেদের রায় দিন।” এই সভা থেকেই বিজেপি প্রার্থীকে অন্তত ১ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি শুভেন্দু ঘোষণা করেন যে, বিজেপি জিতলে ফলতার সার্বিক উন্নতির জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ‘স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ’ দেওয়া হবে।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী আরও একটি বড় বিস্ফোরক তথ্য সামনে আনেন। তিনি বলেন, ”মাননীয় ভাইপোবাবু, লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) নিয়ে গতকালই পুরসভা থেকে সব তথ্য আনিয়েছি। কলকাতায় ওদের ২৪টি বেনামী সম্পত্তি রয়েছে এবং আমতলায় রয়েছে এক বিশাল বিলাসবহুল অফিস। এবার কিন্তু প্রতিটা পাই-পয়সার হিসাব নেওয়া হবে।” এর পরেই আর জি করের ‘অভয়া’ কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট বার্তা দেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইশারায় যাঁরা অভয়ার ঘটনার প্রমাণ লোপাট করতে গিয়েছিলেন বা চিকিৎসকদের মুখ বন্ধ করতে ঘুষ দিতে গিয়েছিলেন, তাঁরা ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন। ফলতাতেও যাঁরা ভাইপোর পিএ-র (PA) কথায় সাধারণ মানুষের ওপর অত্যাচার ও অশান্তি করেছেন, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সমস্ত আধিকারিকদের ইতিমধ্যেই বিগত দিনের কল রেকর্ডস এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে শুভেন্দু সাফ বলেন, দোষী কাউকেই ছাড়বে না নতুন সরকার।

Related Articles