কলকাতারাজ্যের খবর

ধর্মীয় স্থানে তারস্বরে মাইক বাজলেই কড়া ব্যবস্থা! বৈঠকে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পরিবেশ আদালতের নিয়ম অনুযায়ী, জনবসতি এলাকায় মাইক বাজানোর সর্বোচ্চ সীমা ৫৫ ডেসিবেল।

Truth of Bengal: রাজ্য শাসনের দায়িত্বভার গ্রহণের পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক আমূল পরিবর্তন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি দপ্তরের কাজের গতি বাড়াতে এবং জনস্বার্থ রক্ষায় এবার শব্দদূষণ রুখতে অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করলেন তিনি। বৃহস্পতিবার নবান্নে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, রাজ্যের কোনো ধর্মীয় স্থান বা অনুষ্ঠানে নির্দিষ্ট মাত্রার বাইরে মাইক বাজানো যাবে না। শব্দের মাত্রা নির্ধারিত সীমা লঙ্ঘন করলেই পুলিশকে কঠোর হাতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

পরিবেশ আদালতের নিয়ম অনুযায়ী, জনবসতি এলাকায় মাইক বাজানোর সর্বোচ্চ সীমা ৫৫ ডেসিবেল। বিশেষ উৎসব বা অনুষ্ঠানের ক্ষেত্রে এই মাত্রা ৬৫ ডেসিবেল পর্যন্ত শিথিল করার সুযোগ থাকলেও, বর্তমানে রাজ্যে সরকার বদলের পর এই নিয়ম পালনে কোনো রকম আপস করতে রাজি নন মুখ্যমন্ত্রী। তিনি পুলিশকর্তাদের সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষ এবং রোগীদের দুর্ভোগ কমাতে শব্দবিধির এই কড়াকড়ি অত্যন্ত জরুরি। নিয়ম ভাঙলে বা নির্ধারিত সময়ের বাইরে তারস্বরে মাইক বাজলে পুলিশকে কোনো রকম রেয়াত না করে ব্যবস্থা নিতে হবে।

এতদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসব-অনুষ্ঠান বা ধর্মীয় উপাসনা স্থলগুলিতে উচ্চৈঃস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠত অহরহ। সেই দীর্ঘদিনের সমস্যা মেটাতে এবং শব্দদূষণ মুক্ত পরিবেশ গড়তেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সময়োপযোগী পদক্ষেপ। নবান্নের সূত্র মতে, ধর্মীয় ভাবাবেগের ঊর্ধ্বে উঠে আইন ও জনস্বার্থকে অগ্রাধিকার দিতেই এই প্রশাসনিক কঠোরতা। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর এখন থেকে শব্দবিধির ওপর কড়া নজরদারি চালাতে প্রস্তুতি শুরু করেছে রাজ্য পুলিশ প্রশাসন।

Related Articles