“আজ কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাব”, বারাসত থেকে চ্যালেঞ্জ অভিষেকের
সোমবার আদালত স্বচ্ছতার পক্ষে রায় দেয়।
Truth Of Bengal: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে রাজ্য ও কেন্দ্রের আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি তৃণমূল কংগ্রেসের। সোমবার সুপ্রিম কোর্ট এক নির্দেশে স্পষ্ট জানিয়েছে, এই সংক্রান্ত তথাকথিত অসঙ্গতির তালিকা কমিশনকে জনসমক্ষে প্রকাশ করতে হবে। শীর্ষ আদালতের এই রায় সামনে আসতেই বারাসতের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আজ কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাব।”
দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছেন যে, তথ্যের অমিলের দোহাই দিয়ে বাংলার বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। সোমবার আদালত স্বচ্ছতার পক্ষে রায় দেয়।
এই জয়ের পর বারাসত থেকে সভা শুরুতে অভিষেক বলেন, “তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, লজিক্যাল ডিসক্রেপেন্সির লিস্ট প্রকাশ করতে হবে। দু’গালে কষিয়ে থাপ্পর মেরেছে সর্বোচ্চ আদালত।”
সেই সঙ্গে এদিন তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে প্রশ্ন ছোঁড়েন, “কার ক্ষমতা বেশি মোদীজি? ১০ কোটি মানুষের নাকি আপনাদের গায়ের জোরের? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব, তৈরি থাকো।”
তিনি আরও বলেন, “বাংলার মানুষ বশ্যতা স্বীকার করতে জানে না, মেরুদন্ড বিক্রি করতে জানে না! ভোট বাক্সেই মানুষ এর জবাব দেবে।”
এদিন কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের সময় বিজেপি টাকা ছড়াবে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। আমি আপনাদের অনুরোধ করব, হাতজোড় করে টাকা নিয়ে নেবেন। এটা বাংলারই টাকা। টাকাটা নিয়ে বিজেপিকে আশ্বস্ত করে বলবেন-ভোটটা দেব। তারপর যেভাবে লাইনে দাঁড়িয়ে নোটবন্দি, এসআইআর এর নামে আপনাদের মোদী সরকার বিধ্বস্ত করেছে সেই ভাবে ওদেরকে জবাব দেবেন যাতে ভোট বাক্স খুললে বিজেপি সর্ষে ফুল দেখে।”






