বিনোদন

শান মাসুদের বিদায়কাল আসন্ন! ফের অধিনায়ক হতে পারেন বাবর

প্রথম টেস্টে পাকিস্তানের পারফরম্যান্সে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেটমহল।

Truth of Bengal: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জার হারের পর পাকিস্তান ক্রিকেটে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। ঢাকায় ১০৪ রানে হারতেই টেস্ট অধিনায়ক শান মাসুদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। জোর জল্পনা, সিরিজ শেষেই তাঁর জায়গায় আবার বাবর আজমকে অধিনায়ক করা হতে পারে।

প্রথম টেস্টে পাকিস্তানের পারফরম্যান্সে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেটমহল। অধিনায়ক হিসাবে শান মাসুদের কৌশল যেমন সমালোচনায়, তেমনই ব্যাট হাতেও হতাশ করেছেন তিনি। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন পাকিস্তানের অধিনায়ক। দলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলির জন্য বাবর আজমকে ফের নেতৃত্বে আনার পরিকল্পনা চলছে। এ বছর পাকিস্তানের সামনে এখনও সাতটি টেস্ট ম্যাচ রয়েছে।

২০২৩ সালের ডিসেম্বর থেকে টেস্ট দলের দায়িত্বে থাকা শান মাসুদের অধীনে ১৫ ম্যাচের মধ্যে ১১টিতেই হেরেছে পাকিস্তান। অন্যদিকে হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর। তবে ১৮ মে থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তাঁর মাঠে নামার সম্ভাবনা প্রবল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন প্রভাবশালী কর্তা বাবরকে ফের অধিনায়ক করার পক্ষেই রয়েছেন বলে জানা গিয়েছে। শুধু বোর্ড নয়, দলের ড্রেসিংরুমেও বাবরের পক্ষে সমর্থন রয়েছে।

বাংলাদেশ সফরে বর্তমানে পাকিস্তানের তিন ফরম্যাটের তিন অধিনায়কই রয়েছেন। একদিনের দলের নেতৃত্বে থাকা শাহিন শাহ আফ্রিদি এবং টি-২০ অধিনায়ক সালমান আলি আগাও এই সফরের অংশ। সূত্রের মতে, দ্বিতীয় টেস্টে বাবর যদি নিজের পুরনো ব্যাটিং ছন্দ ফিরে পান, তাহলে তাঁকেই আবার অধিনায়ক করা হতে পারে। বোর্ডের সঙ্গে প্রাথমিক আলোচনায় বাবরও নাকি ফের দায়িত্ব নিতে রাজি আছেন।

পাকিস্তান বোর্ডের ভাবনা, প্রথমে বাবরকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হবে। এরপর আগামী বিশ্বকাপের আগে তাঁকে আবার একদিনের দলের অধিনায়ক হিসেবেও প্রস্তুত করা হতে পারে।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন বাবর আজম। তবে ভারতে হওয়া ২০২৩ বিশ্বকাপের পর তাঁকে নেতৃত্ব ছাড়তে হয়েছিল। পরে ২০২৪ সালের বিশ্বকাপের আগে আবার টি-২০ দলের অধিনায়ক করা হলেও খারাপ পারফরম্যান্সের পর তিনি নিজেই সরে দাঁড়ান।

প্রথম টেস্টে হারের পর শান মাসুদও নাকি ভীষণ হতাশ। এখন তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডে স্থায়ী পদ নেওয়ার কথাও ভাবছেন। গত বছর বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট ও প্লেয়ার অ্যাফেয়ার্স বিভাগের ডিরেক্টর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাসুদ।

Related Articles