রাজ্যের খবর

পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

গ্রেফতার দাপুটে কাউন্সিলর রাজেশ ওরফে ‘কুকুয়া’

সৌগত রায়, হুগলি: পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! পাঠানো হল আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা বন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিল।

অভিযোগ, শ্রীরামপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন। পুলিশের সঙ্গে এনিয়ে বচসার সময় হঠাৎই পুলিশের কর্তব্যরত এএসআই নটরাজের নাকে ঘুসি মারেন কাউন্সিলর। নাক ফেটে রক্ত পড়তে থাকে।

রাজেশ শা-সহ তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, পুলিশ কোনও রং না দেখে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এটাই আমরা চাই। পুলিশ তাঁর জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন কাকে গ্রেফতার করবেন সেটা তাদের ব্যাপার এখানে আমরা কোনও ইন্টারফেয়ার করব না। মানুষ চায় শান্তি এলাকায় যেন শান্তি প্রতিষ্ঠা থাকে।

তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন, পাড়ায় সমাধানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল। সেটা দখল নিতে চেয়েছিল সিপিএম যাঁরা এখন বিজেপি হয়েছে। এই নিয়ে একটা ঝামেলা হয়। পুলিশের সঙ্গে একটা ঝামেলা হয়েছে কিন্তু কারও গায়ে হাত দিইনি। আমি আর আমার স্ত্রীর ওয়ার্ডে জিতেছে তৃণমূল, সেই রাগ থেকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হল। আহত পুলিশকর্মীর চিকিৎসা হয়েছে হাসপাতালে।

Related Articles