রাজ্যের খবর

ইংরেজবাজারে রক্তারক্তি! বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে নৃশংস কোপ

বুধবার গভীর রাতে এই পৈশাচিক হামলার ঘটনাটি ঘটেছে।

Truth of Bengal: ভোট-পরবর্তী হিংসার আবহে এবার উত্তপ্ত হয়ে উঠল মালদার ইংরেজবাজার। ১ নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত যুবকের নাম কিষান হালদার (২৮), যাকে স্থানীয়রা বিজেপি সমর্থক হিসেবেই চেনেন। বুধবার গভীর রাতে এই পৈশাচিক হামলার ঘটনাটি ঘটেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে বাড়িতেই ছিলেন কিষান। গভীর রাতে তাঁর ফোনে একটি কল আসে এবং ফোনের ওপ্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে তাঁর তীব্র কথা কাটাকাটি শুরু হয়। কিষানের বাবা বীরেন হালদারের বক্তব্য অনুযায়ী, ফোনে কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কিষান বাড়ি থেকে বেরিয়ে যান। এর কিছু সময় পরেই বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। কিষানের শরীরের একাধিক গভীর ক্ষত দেখে তদন্তকারীদের অনুমান, চরম আক্রোশ থেকেই তাঁকে কোপানো হয়েছে।

এই ঘটনায় কিষানের দুই বন্ধুও গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা দুটি বড় হাঁসুয়া উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ঘটনার ঠিক আগে হাতে অস্ত্র নিয়ে কিছু লোককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। যদিও নিহত যুবকের বাবা এই ঘটনার পেছনে নিশ্চিতভাবে কোনো রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়ে ধন্দ প্রকাশ করেছেন।

পুলিশি তদন্তে অবশ্য ভিন্ন একটি দিকও উঠে আসছে। পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন যে, নিহত কিষান হালদারের বিরুদ্ধে আগে থেকেই থানায় একাধিক অপরাধমূলক অভিযোগ নথিভুক্ত ছিল। প্রাথমিক তদন্তে এলাকা থেকে তথ্যপ্রমাণ ও সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু হয়েছে। পুলিশ মনে করছে, জখম দুই বন্ধুর বয়ান পাওয়া গেলে খুনের নেপথ্যের প্রকৃত কারণ ও রহস্য উদঘাটন করা সম্ভব হবে। আপাতত এলাকায় উত্তেজনা থাকায় বড় পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

Related Articles