রাজ্যের খবর

টুলু মণ্ডলের গুপ্তধন উদ্ধারের পর এসটিএফের নজরে শ্যালক মিন্টু শেখ, বাড়িতে জোড়া তল্লাশি

সেই চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার টুলু মণ্ডলের শ্যালক মহম্মদ শামসুল আলম ওরফে মিন্টু শেখের বাড়িতে অভিযানে চালালো এসটিএফের প্রতিনিধি দল।

Truth of Bengal: বীরভূমে বেআইনি পাথর ব্যবসা ও অবৈধ কারবারের শিকড় উপড়ে ফেলতে ফের বড়সড় অভিযানে নামল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সম্প্রতি বীরভূমের প্রভাবশালী ‘পাথর সম্রাট’ হিসেবে পরিচিত মহম্মদ নিজাম উদ্দিন ওরফে টুলু মণ্ডলের ডেরায় জেলা পুলিশের দফায় দফায় অভিযানে ২০০ কোটি টাকারও বেশি গোপন সম্পত্তি ও নথি উদ্ধার করা হয়েছিল। সেই চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার টুলু মণ্ডলের শ্যালক মহম্মদ শামসুল আলম ওরফে মিন্টু শেখের বাড়িতে অভিযানে চালালো এসটিএফের প্রতিনিধি দল।

বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ তদন্তকারী আধিকারিকদের একটি বিশেষ দল পাঁড়ুই থানা এলাকার মিন্টু শেখের বাড়িতে আচমকা হানা দেয় এবং মূল ফটক ঘিরে রেখে তল্লাশি শুরু করে। সূত্রের খবর, হানার সময় মিন্টু শেখ নিজে বাড়িতে উপস্থিত ছিলেন না। বর্তমানে আধিকারিকরা বাড়ির ভেতর থেকে বাজেয়াপ্ত বিভিন্ন নথি ও গুরুত্বপূর্ণ ফাইল খতিয়ে দেখছেন। তবে এই বিশেষ অভিযান ঠিক কোন মামলা সংক্রান্ত বা কীসের খোঁজে পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে এসটিএফ বা পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে স্থানীয়দের দাবি, দুলাভাই টুলু মণ্ডলের মতোই মিন্টু শেখের সম্পত্তির অভাবনীয় উত্থান এলাকা জুড়ে চর্চার বিষয়। ২০১১-১২ সাল নাগাদ পার্শ্ববর্তী তালিপুর গ্রাম ছেড়ে পাঁড়ুইয়ে এসে বসতি স্থাপন করেছিলেন মিন্টু ও তাঁর পরিবার। সেই সময় তাঁদের আর্থিক অবস্থা অত্যন্ত সাধারণ ছিল। পরিবারের দুই ভাইয়ের মধ্যে একজন পেশায় ধান ব্যবসায়ী এবং অপরজন সামান্য গাড়ি চালকের কাজ করতেন। এরপর জামাইবাবুর হাত ধরে বেআইনি কারবারে যুক্ত হওয়ার পরেই তাঁদের ভাগ্যের চাকা হু হু করে ঘুরে যায় বলে মনে করা হচ্ছে।

Related Articles