বাংলার ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প! কী বার্তা পাঠালেন?
বাংলার এই 'ঐতিহাসিক জয়' ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রেও এক নতুন মাত্রা যোগ করেছে
Truth of Bengal: দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মসনদ দখল করল ভারতীয় জনতা পার্টি। বিধানসভা নির্বাচনে বিজেপির এই অভাবনীয় জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই এই শুভেচ্ছাবার্তার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, বাংলার এই ‘ঐতিহাসিক জয়’ ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রেও এক নতুন মাত্রা যোগ করেছে।
নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে গেরুয়া শিবির। সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১৪৭টি আসনের গণ্ডি পেরিয়ে বিজেপি এককভাবে ২০৬টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস থমকে গিয়েছে মাত্র ৮১টি আসনে। বাম-কংগ্রেস ও অন্যান্য শিবিরের ঝুলিতে গিয়েছে মাত্র ৬টি আসন। একটি আসনের ফলাফল এখনও ঘোষণা হওয়া বাকি রয়েছে।
এবারের নির্বাচন একাধিক কারণে নজিরবিহীন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিশেষ করে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর প্রক্রিয়ার পর এই নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে প্রবল চর্চা ছিল। তথ্য বলছে, এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়েছে এবং আরও ২৭ লক্ষ ভোটারের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
ভোটার তালিকায় এই ব্যাপক রদবদল সত্ত্বেও বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রথম দফায় ৯২.৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৯১.৪৭ শতাংশ ভোটদান হয়েছিল, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক বিরল দৃষ্টান্ত। ৪ মে নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই স্পষ্ট হয়ে যায় যে, রাজ্যজুড়ে ‘গেরুয়া ঝড়’ আছড়ে পড়েছে। ১৫ বছরের পুরনো সরকারকে সরিয়ে সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে যে রায় দিয়েছেন, তাকেই কুশ দেশাই ‘ঐতিহাসিক জয়’ বলে উল্লেখ করেছেন।





