রাজ্যের খবর

বিজেপিকে ভোট দেওয়ায় হুমকি-অত্যাচার! ফলতায় জাতীয় সড়ক অবরোধ জনতার

রাস্তায় নামলেন ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ জাতীয় সড়ক, ফলতায় চরম উত্তেজনা!

Truth of Bengal: ভোট মিটে গেলেও দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা এলাকায় অশান্তি যেন থামছেই না। বিজেপিকে ভোট দেওয়ার ‘অপরাধে’ স্থানীয় বাসিন্দাদের ওপর তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে ভয়াবহ হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফলতার বঙ্গ নগর ও হাসিব নগর এলাকা। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে স্থানীয় সাধারণ মানুষ পথে নেমে জাতীয় সড়ক অবরোধ করেন, যার ফলে এলাকায় তীব্র উত্তজনা ছড়িয়ে পড়েছে।

অভিযোগ উঠেছে, নির্বাচনের পর থেকে ওই এলাকায় বিজেপির কর্মী-সমর্থকদের নিশানা করে হুমকি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মারধর ও অত্যাচারের অভিযোগও সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার শাস্তি হিসেবে তাঁদের ওপর এই অত্যাচার চালানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা প্রথমে বিক্ষোভ শুরু করেন এবং পরবর্তীতে জাতীয় সড়ক অবরোধ করেন।

অবরোধের জেরে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে আটকে পড়ে হাজার হাজার গাড়ি। নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, সব মিলিয়ে জরুরি পরিষেবা চরম বিপর্যয়ের মুখে পড়ে। দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের বচসা ও তীব্র বাদানুবাদ শুরু হয়। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও, স্থানীয় বাসিন্দারা নিজেদের অবস্থানে অনড়। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, যতক্ষণ না প্রশাসন দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিচ্ছে এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করছে, ততক্ষণ তাঁরা অবরোধ তুলে নেবেন না।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এলাকা পুলিশি নজরদারিতে থাকলেও উত্তেজনা অব্যাহত রয়েছে। ভোটের ফল ঘোষণার আগের এই অস্থিরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। শাসকদলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

Related Articles