সুপ্রিম কোর্টে বড় জয় পবন খেড়ার! গ্রেফতারি এড়াতে এবার কংগ্রেস নেতার আগাম জামিন মঞ্জুর
গুয়াহাটি হাই কোর্টের আগাম জামিন মঞ্জুর করার নির্দেশও খারিজ করে দিল শীর্ষ আদালত।
Truth of Bengal: কংগ্রেস নেতা পবন খেড়ার আগাম জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। অসম পুলিশের হাতে গ্রেফতারি এড়াতে পবন যে আবেদন জানিয়েছিলেন, শুক্রবার তা মঞ্জুর করেছে বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এ এস চান্দুরকরের বেঞ্চ। একইসঙ্গে, গুয়াহাটি হাই কোর্টের আগাম জামিন মঞ্জুর করার নির্দেশও খারিজ করে দিল শীর্ষ আদালত।
উল্লেখ্য, সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিণিকি ভূঁইয়া শর্মা সম্পর্কে কিছু মন্তব্য করেন পবন খেড়া। সেই মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মানহানি ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়। গত ২৪ এপ্রিল গুয়াহাটি হাই কোর্ট পবনের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা। শুনানির সময় পবনের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তাঁর যুক্তি ছিল, পবন একজন পরিচিত রাজনৈতিক নেতা এবং তিনি তদন্তে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। এমন অবস্থায় তাঁকে গ্রেফতার করে হেনস্থা করার কোনও প্রয়োজন নেই। পাশাপাশি তিনি আরও বলেন, পবনের বিরুদ্ধে যে ধারাগুলিতে মামলা দায়ের হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি জামিনযোগ্য ধারা। ফলে আগাম জামিন না দিলে আগাম জামিনের উদ্দেশ্যই বিফলে যাবে। অন্যদিকে, অসম সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেন, পবন খেড়া গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁর আরও অভিযোগ, পবন মুখ্যমন্ত্রীর স্ত্রীর পাসপোর্টের নকল ও বিকৃত প্রতিলিপি দেখিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। পাশাপাশি হিমন্তের স্ত্রীর একাধিক দেশের নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করে অসম সরকার।
প্রসঙ্গত, গত মাসে এক সাংবাদিক বৈঠকে পবন খেড়া অভিযোগ করেছিলেন, হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর একাধিক বিদেশি পাসপোর্ট, দুবাইয়ে সম্পত্তি এবং আমেরিকার একটি কোম্পানিতে বিপুল বিনিয়োগ রয়েছে। সেই মন্তব্যের পরই রিণিকি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর প্রথমে পবন তেলঙ্গানা হাই কোর্টে ট্রানজিট জামিনের আবেদন জানান। গত ১০ এপ্রিল সেখানে এক সপ্তাহের ট্রানজিট জামিন মঞ্জুর হলেও অসম সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এরপর গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট তেলঙ্গানা হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। পরবর্তীতে গুয়াহাটি হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেও ব্যর্থ হন পবন। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে তাঁর আবেদন মঞ্জুর হল। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, মামলার পারিপার্শ্বিক পরিস্থিতি রাজনৈতিক রেষারেষির ইঙ্গিত দিচ্ছে, এবং সেই কারণেই পবনের ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা জরুরি।






