“কী রোগা হয়ে গিয়েছে ছেলেটা!”, দিব্যজ্যোতিকে পাশে নিয়ে কেন আফসোস মমতার?
রাজনীতির মঞ্চে ‘মমতাময়ী’ দিদি! পর্দার মহাপ্রভুর শরীর নিয়ে চিন্তায় মুখ্যমন্ত্রী
Truth of Bengal: রাজ্যের প্রশাসনিক দায়িত্ব সামলানো হোক বা রান্নাঘর, ছবি আঁকা থেকে কবিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী প্রতিভা বারবার খবরের শিরোনামে আসে। তবে এবার রাজনীতির ময়দানে দাঁড়িয়ে এক টলিউড অভিনেতার প্রতি তাঁর ‘মাতৃসুলভ’ উদ্বেগ কেড়ে নিল সকলের নজর। প্রচারের শেষ লগ্নে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তের ভেঙে যাওয়া শরীর দেখে আফসোস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
গত দেড় মাস ধরে তৃণমূলের হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করতে দেখা গিয়েছে একঝাঁক তারকাকে। সেই তালিকায় উজ্জ্বল নাম ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত দিব্যজ্যোতি দত্ত। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে মহাপ্রভু শ্রীচৈতন্যর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এদিন শেষবেলার প্রচারে দিব্যজ্যোতিকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেখুন না, ছেলেটা কী রোগা হয়ে গিয়েছে! ওদের জীবনটা বড় কষ্টের। একটা সিনেমার জন্য কখনও বলা হয় মোটা হতে, আবার কখনও রোগা হতে গিয়ে খাওয়া-দাওয়া বন্ধ করে দিতে হয়। টাকা হয়তো রোজগার করে ঠিকই, কিন্তু শরীরটাকে নিয়ে অনেক ধকল সহ্য করতে হয় ওদের।”
উল্লেখ্য, মহাপ্রভুর চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে দিব্যজ্যোতি কঠোর পরিশ্রম করেছেন। চরিত্রের প্রয়োজনে এক ধাক্কায় প্রায় ২০ কেজি ওজন কমিয়েছিলেন তিনি। সেই শীর্ণকায় চেহারাই নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর। অভিনয়ের প্রতি দিব্যজ্যোতির এই একাগ্রতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মমত্ববোধের ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।






