আপাতত গ্রেফতারি থেকে রেহাই পরমব্রতর, শর্তসাপেক্ষে কতদিনের রক্ষাকবচ দিল আদালত?
শুক্রবার এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত স্পষ্ট করেছে যে, কড়া পদক্ষেপ করা না গেলেও মামলার তদন্ত যথারীতি চলবে এবং অভিনেতাকেও সেই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।
Truth of Bengal: পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের পর সমাজমাধ্যমে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়ানো অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বড়সড় স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। আপাতত আগামী চার সপ্তাহের জন্য অভিনেতার বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। শুক্রবার এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত স্পষ্ট করেছে যে, কড়া পদক্ষেপ করা না গেলেও মামলার তদন্ত যথারীতি চলবে এবং অভিনেতাকেও সেই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আগামী শুনানির দিন রাজ্য সরকারকে এই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই আইনি টানাপোড়েনের সূত্রপাত ২০২১ সালের ২ মে, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন। সেই সময় সমাজমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন পরমব্রত, যা নিয়ে সম্প্রতি বিতর্ক নতুন করে মাথাচাড়া দেয়। সেই পোস্টের জেরে গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ১০৯ ধারায় এফআইআর দায়ের করা হয়। শুক্রবার আদালতের দ্বারস্থ হয়ে পরমব্রতের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় সওয়াল করেন, দীর্ঘ পাঁচ বছর পর হঠাত কেন এই অভিযোগ দায়ের করা হল? এই এফআইআর-এর কোনও বাস্তব ভিত্তি নেই এবং ওই মন্তব্যের কারণে কারও কোনও ক্ষতিও হয়নি। তাই এই ভিত্তিহীন এফআইআর খারিজ করার আবেদন জানান তিনি।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, পাঁচ বছর আগে পরমব্রতের করা সেই ‘উস্কানিমূলক’ মন্তব্যকে সমাজমাধ্যমে প্রত্যক্ষভাবে সমর্থন করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর, আইনজীবী জয়দীপ সেন গড়িয়াহাট থানায় দুই তারকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী আইনজীবীর দাবি, পরমব্রত ও স্বস্তিকার ওই মন্তব্য তৎকালীন সময়ে ভোট-পরবর্তী হিংসায় উস্কানি দিয়েছিল এবং রাজ্যের পরিবেশ উত্তপ্ত করতে ভূমিকা নিয়েছিল। সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ার কারণে তাঁদের কথায় প্রভাবিত হয়ে বহু মানুষ সেই সময় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে নোটিস পাঠিয়ে তলব করেছিল। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় গড়িয়াহাট থানায় হাজিরা দিলে তাঁকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার সেই একই মামলায় আদালতের দ্বারস্থ হয়ে শর্তসাপেক্ষে আইনি রক্ষাকবচ পেলেন পরমব্রত চট্টোপাধ্যায়।






