দেশ

ভোটের মুখে বিপাকে ইউসুফ পাঠান! গ্রেফতার শ্বশুর-শ্যালকরা, ব্যাপারটা কী?

ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Truth Of Bengal: তৃণমূল কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালকসহ তিন আত্মীয়কে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে মঙ্গলবার তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত গত শনিবার। ইউসুফ খান নামে স্থানীয় এক বাসিন্দা গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার একটি গর্তে জমে থাকা জল ছিটকে শোয়েব খান নামে এক ব্যক্তির গায়ে লাগে। শোয়েব প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের আত্মীয় বলে জানা গেছে। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, শোয়েব ও তাঁর সঙ্গীরা বাঁশের লাঠি এবং বেসবল ব্যাট নিয়ে ইউসুফ খান ও তাঁর পরিবারের ওপর চড়াও হন।

এই হামলায় ইউসুফ খানের ভাই সালমানের হাত ভেঙে গিয়েছে এবং তাঁর কাকা জাকি আহমেদ গুরুতর জখম হয়েছেন। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করে। বাইকুল্লা থানা জানিয়েছে, ইউসুফ পাঠানের শ্বশুরসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং চতুর্থ অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ আদালতকে জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের স্পষ্ট চিহ্নিত করা গেছে। এছাড়া হামলায় ব্যবহৃত লাঠি ও ব্যাটগুলিও উদ্ধার করেছে তদন্তকারীরা। সাংসদ ইউসুফ পাঠানের পরিবারের সদস্যদের এমন ঘটনায় জড়িয়ে পড়া এবং গ্রেফতারি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles