জল্পনার অবসান, কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের! ছাব্বিশের বঙ্গে মমতার সাম্রাজ্যে এবার সবচেয়ে বড় ধস
Truth of Bengal: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আদি তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক ভরাডুবির পর থেকেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা পুরসভায় (KMC)। বারবার গুঞ্জন শোনা যাচ্ছিল, মেয়রের হটসিট ছাড়তে পারেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অবশেষে শুক্রবার সমস্ত জল্পনা ও জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার মেয়রের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন তিনি। এদিন দুপুরে পুর কমিশনার স্মিতা পাণ্ডের ঘরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন মহানাগরিক। আর এই হাই-প্রোফাইল পদত্যাগের ফলে বিধানসভা হাতছাড়া হওয়ার পর এবার কলকাতার পুরপ্রশাসনও কার্যত আদি তৃণমূলের হাত থেকে ফসকে গেল।
দিদির একনিষ্ঠ সৈনিকের আকস্মিক ‘অভিমান’
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত এবং একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত ছিলেন ফিরহাদ হাকিম। ‘দিদি’ যখনই যে দায়িত্ব দিয়েছেন, তা হাসিমুখে পালন করেছেন। ২০১৮ সাল থেকে কলকাতার ৩৮তম মেয়র হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলে আসছিলেন তিনি। দীর্ঘ প্রায় ৮ বছর পর সেই মেয়রের চেয়ার ছাড়লেন ববি। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের মহাবিপর্যয়ের মাঝেও নিজের গড় চেতলা কেন্দ্রে লড়ে জয় হাসিল করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি নবান্নে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর একটি রুদ্ধদ্বার বৈঠক এবং সেখানে চা পানের প্রস্তাব দেওয়া নিয়েই যত অশান্তির সূত্রপাত।
সূত্রের খবর, শুভেন্দুর সঙ্গে ফিরহাদের এই সৌজন্য সাক্ষাৎ একেবারেই ভালভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দলনেত্রীর সঙ্গে ববির দূরত্ব ক্রমশ বাড়তে থাকে এবং দুই শীর্ষ নেতার সংঘাত চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত তীব্র অভিমানেই ফিরহাদ মেয়রের পদ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি।
এবার কার নিয়ন্ত্রণে কলকাতা পুরসভা? এগিয়ে আসছে ভোট?
ফিরহাদ হাকিমের এই নাটকীয় পদত্যাগের পর কলকাতা পুরসভার রাশ আপাতত চলে গেল পুর কমিশনার স্মিতা পাণ্ডের হাতে। রাজ্য সরকার চাইলে আগামী দিনে এখানে বিশেষ সরকারি প্রশাসক বসিয়ে পুরবোর্ড পরিচালনা করতে পারে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামী ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান এই টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি এবং আদি তৃণমূলের তাসের ঘরের মতো ভেঙে পড়ার জেরে পুরভোট অনেকটাই এগিয়ে আসতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করে নিজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ স্পষ্ট করবেন ফিরহাদ হাকিম। তিনি ‘নব্য তৃণমূল’ নাকি গেরুয়া শিবিরে পা বাড়াচ্ছেন, এখন সেটাই দেখার।





