প্রচার সেরে ফেরার পথে কপ্টার বিভ্রাট! হেলিপ্যাডে আটকে পড়লেন জেপি নাড্ডা
বড়ঞার আকাশে ওড়ার আগেই বিগড়োল কপ্টার, ভিড় জমালেন স্থানীয়রা।
Truth of Bengal: প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু! হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, মঙ্গলবার বিকেল থেকেই স্তব্ধ হয়ে যাবে প্রচারের সাইরেন। উত্তরবঙ্গ যখন শেষবেলার প্রচারে ফুটছে, ঠিক তখনই মুর্শিদাবাদের বড়ঞায় গিয়ে বিপাকে পড়লেন বিজেপির হেভিওয়েট কেন্দ্রীয় নেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। প্রচার সেরে ফেরার পথে দেখা দিল হেলিকপ্টার বিভ্রাট। যার জেরে বেশ কিছুক্ষণ হেলিপ্যাডেই আটকে থাকতে হলো তাঁকে।
মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার বিজেপি প্রার্থী সুখেনকুমার বাগদির সমর্থনে সোমবার প্রচারে এসেছিলেন নাড্ডা। বেলা সাড়ে ১২টা নাগাদ ডাকবাংলা কৃষকমাণ্ডির মাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামে তাঁর কপ্টার। সেখান থেকে হুডখোলা গাড়িতে করে পাঁচথুপি গ্রাম পর্যন্ত প্রায় ৪৫ মিনিটের রোড শো করেন তিনি। প্রার্থীর সমর্থনে সাধারণ মানুষের ভিড় এবং স্লোগানের মাঝেই ভোট-প্রচারে তৃণমূলকে তীব্র আক্রমণ করে নাড্ডা দাবি করেন, “বাংলার মানুষ এবার পরিবর্তন চাইছে। এবার বিজেপি সরকার গঠন করবেই।”
গোলমাল শুরু হয় ফেরার সময়। দুপুর আড়াইটে নাগাদ নাড্ডা হেলিকপ্টারে উঠে বসলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি উড়তে পারেনি। তড়িঘড়ি কেন্দ্রীয় নেতা কপ্টার থেকে নেমে আসেন এবং হেলিপ্যাড গ্রাউন্ডেই অপেক্ষা করতে থাকেন। হাই-ভোল্টেজ নেতার কপ্টার বিভ্রাটের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়, মাঠে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তবে বড় কোনো বিপত্তি ঘটেনি। যান্ত্রিক গোলযোগ দ্রুত সারিয়ে ফেলা হয়।
কপ্টারটি পুনরায় ঠিক হলে কিছুক্ষণ বাদেই পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে মুর্শিদাবাদ ছাড়েন জেপি নাড্ডা। মঙ্গলবার বিকেল থেকে প্রচারের পর্দা নামছে, তার আগে এই যান্ত্রিক বিভ্রাট গেরুয়া শিবিরের কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেললেও, নাড্ডার রোড শো মুর্শিদাবাদের বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।






