২০২০-র নাড্ডার কনভয়ে হামলা মামলায় নতুন গ্রেফতারি, মগরাহাট থেকে ধৃত দুই
পুলিশ জানিয়েছে, ২০২০ সালে ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোলের কাছে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রিপন ও সঞ্জীবের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
Truth of Bengal: প্রায় ছ’বছর পর জেপি নাড্ডার কনভয়ে হামলার মামলায় নতুন করে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। পুলিশ সূত্রে দাবি, দু’জনই মগরাহাট পশ্চিম এলাকায় তৃণমূলের সঙ্গে যুক্ত হিসেবে পরিচিত। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০২০ সালে ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোলের কাছে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রিপন ও সঞ্জীবের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কীভাবে তাঁরা ওই ঘটনায় যুক্ত ছিলেন, উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এসেছে এবং আরও কেউ জড়িত কি না—সেসব নিয়েও তদন্ত চলছে।
২০২০ সালের ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কয়েকজন বিজেপি নেতা-কর্মী আহত হন বলে তখন দলের তরফে দাবি করা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে পুরনো এই মামলার তদন্ত ফের সক্রিয় হয়েছে। তদন্তকারীরা আগের অভিযুক্তদের পাশাপাশি নতুন করে উঠে আসা নামগুলির ভূমিকাও যাচাই করছেন।






