“আপনি বড্ড মিষ্টি!”, গভীর রাতে মেসেজ চাহালের, হাটে হাঁড়ি ভাঙলেন বাঙালি অভিনেত্রী
Truth of Bengal: মাঠের ঘূর্ণিতে প্রতিপক্ষকে কুপোকাত করতে ওস্তাদ যুজবেন্দ্র চাহাল। কিন্তু মাঠের বাইরের ‘গুগলি’ সামলাতে গিয়েই কি বারবার পথ হারাচ্ছেন এই তারকা লেগ স্পিনার? একের পর এক বিতর্কে নাম জড়াচ্ছে তাঁর। স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদ কিংবা মাঝরাস্তায় ধূমপানের রেশ কাটতে না কাটতেই এবার নতুন ধামাকা! এক বাঙালি অভিনেত্রীর বিস্ফোরক দাবিতে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট ও বিনোদন মহলে।
বলিউডের বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের দাবি, স্বয়ং চাহাল তাঁকে সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেছেন। শুধু দাবি করাই নয়, তানিয়া সাংবাদিকদের সামনে নিজের ফোন বাড়িয়ে দিয়ে চাহালের ইনবক্সের সেই মেসেজও দেখিয়ে দিয়েছেন। তানিয়ার কথায়, “চাহাল আমাকে মেসেজ করেছেন। উনি লিখেছেন, ‘আপনি মিষ্টি দেখতে’।” স্ক্রিনশটে দেখা যাচ্ছে, তানিয়ার কয়েকটি ছবিতে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন ভারতীয় দলের এই ব্রাত্য ক্রিকেটার। তবে এই অভিযোগ নিয়ে চহালের পক্ষ থেকে এখনও কোনও সাফাই পাওয়া যায়নি।
ব্যক্তিগত জীবনে চাহালের সময়টা বেশ ঝড়ো যাচ্ছে। দীর্ঘদিনের প্রেমিকা তথা নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদের খবর নিয়ে কম চর্চা হয়নি। জানা যায়, আলাদা থাকার পর মোটা অঙ্কের খোরপোশ দিয়েই আইনি বিচ্ছেদ হয়েছে তাঁদের। এরপর আরজে মহওয়াশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জলঘোলা হলেও সেই সম্পর্কের আয়ু খুব একটা দীর্ঘ হয়নি। এবার তানিয়ার সঙ্গে এই নতুন যোগসূত্র কি তবে অন্য কোনও ইঙ্গিত?
পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে ভাল ফর্মে থাকলেও মাঠের বাইরের এই রঙিন মেজাজ চাহালের কেরিয়ারে অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করছেন অনেকে। সতীর্থদের সঙ্গে খুনসুটি করার জন্য বিখ্যাত এই স্পিনার এখন খবরের শিরোনামে শুধুই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। বাঙালি সুন্দরীর এই অভিযোগের পর চাহাল এবার কোন চাল দেন, সেটাই দেখার।






