কলকাতায় মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি, পাহাড়ে ধসের আশঙ্কা !
মঙ্গলবার সকালেও আকাশ মেঘলা এবং বৃষ্টির ধারা অব্যাহত।
Truth of Bengal: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সোমবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকালেও আকাশ মেঘলা এবং বৃষ্টির ধারা অব্যাহত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সারাদিনই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
কলকাতায় খুব ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও দিনভর মেঘলা আকাশ থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির জেরে শহরের নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। ফলে ব্যস্ত সময়ে যানজট ও নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়তে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।





