খেলা

বিমানে বসে ই-সিগারেট টানছেন ক্রিকেটার! বিতর্কের মুখে যুজবেন্দ্র চাহাল

ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে, শশাঙ্ক সিংয়ের পাশে বসে থাকা চাহাল অনেকটা লুকিয়ে কিছু একটা পান করছেন।

Truth of Bengal: বিমানে বসে ইলেকট্রনিক সিগারেট বা ‘ভ্যাপ’ পান করার অভিযোগে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে জেলে পাঠানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পাঞ্জাব কিংসের হয়ে খেলা এই স্পিনারকে বিমানে ভ্যাপ টানতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট ভিডিওটির সত্যতা কোনো সংবাদমাধ্যমই নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে, শশাঙ্ক সিংয়ের পাশে বসে থাকা চাহাল অনেকটা লুকিয়ে কিছু একটা পান করছেন। ভিডিওটি মূলত ক্রিকেটার আর্শদীপ সিংয়ের একটি পডকাস্ট থেকে ছড়িয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন শিবরামকৃষ্ণন। তাঁর মতে, ভারতে ই-সিগারেট বা ভ্যাপ কেনা-বেচা এবং ব্যবহার সম্পূর্ণ বেআইনি। তাই চাহালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে তাঁকে গারদে পাঠানো উচিত। একইসঙ্গে রিয়ান পরাগের ঘটনার প্রসঙ্গ টেনে বিসিসিআই-এরও সমালোচনা করেছেন তিনি। রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ ড্রেসিংরুমে ভ্যাপ টেনে ধরা পড়ায় তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। শিবরামকৃষ্ণনের দাবি, এই শাস্তি অত্যন্ত লঘু এবং আইনের শাসন আরও কঠোর হওয়া প্রয়োজন।

আইপিএল চলাকালীন সম্প্রতি বিসিসিআই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দেশিকা পাঠিয়েছে। সেখানে বোর্ড স্পষ্ট জানিয়েছে যে, স্টেডিয়াম এবং টিম হোটেলের মতো এলাকাগুলোতে ভ্যাপ বা ই-সিগারেট ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক চিঠিতে জানিয়েছেন, ড্রেসিংরুম বা ডাগআউটে এই ধরণের কাজ কেবল আইপিএল-এর নিয়মভঙ্গ নয়, বরং ভারতীয় আইন অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। বোর্ডের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও একের পর এক ক্রিকেটারের এমন আচরণ নিয়ে এখন ক্রীড়ামহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Related Articles