Uncategorized

‘আপ’ থেকে বিদায় ঘণ্টা? জল্পনার মাঝেই নতুন দল গড়ার ইঙ্গিত রাঘব চাড্ডার!

এদিকে আম আদমি পার্টির দাবি, রাঘব আদতে বিজেপিতে যোগ দেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছেন এবং গত দু’বছর ধরেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

Truth Of Bengal: আম আদমি পার্টির সঙ্গে রাঘব চাড্ডার দূরত্ব যে ক্রমে বাড়ছে, তা এখন প্রায় নিশ্চিত। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন তুঙ্গে জল্পনা—তিনি কি বিজেপিতে যোগ দেবেন নাকি অন্য পথে হাঁটবেন—ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় এক চমকপ্রদ ইঙ্গিত দিলেন রাঘব। সম্প্রতি তাঁর এক সমর্থক সমাজমাধ্যমে প্রস্তাব দেন যে, অন্য কোনো দলে যোগ না দিয়ে রাঘবের উচিত নিজস্ব একটি রাজনৈতিক দল গঠন করা, যার নাম হতে পারে ‘জেন জি পার্টি’। তাৎপর্যপূর্ণভাবে রাঘব সেই পোস্টে ‘ইন্টারেস্টিং থট’ বা ‘আকর্ষণীয় চিন্তাভাবনা’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন, যা তাঁর নতুন দল গড়ার সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

এদিকে আম আদমি পার্টির দাবি, রাঘব আদতে বিজেপিতে যোগ দেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছেন এবং গত দু’বছর ধরেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে রাঘবের ঘনিষ্ঠ মহলের মতে, রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদের বাকি দুই বছর তিনি তড়িঘড়ি দলবদল না-ও করতে পারেন। বরং স্বাতী মালিওয়ালের মতো দলের ভেতরে থেকেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হওয়ার কৌশল নিতে পারেন তিনি। পাঞ্জাব নির্বাচনের আগে সমীকরণ বদলালে তখন বিজেপিতে যোগদানের বিষয়টি বিবেচিত হতে পারে।

বর্তমানে রাঘব চাড্ডা প্রকাশ্যে নিজের দলের বিরুদ্ধেই সরব হয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষের কথা বলা সত্ত্বেও কেন তাঁর কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। তাঁর সাফ কথা, তাঁকে সাময়িকভাবে নীরব করা গেলেও হারানো সম্ভব নয়; তিনি সাধারণ মানুষের পাশেই থাকবেন। সব মিলিয়ে রাঘব চাড্ডার এই বিদ্রোহী অবস্থান এবং নতুন দল গড়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দিল্লির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

Related Articles