‘অসভ্য, বর্বর!’, ফেক প্রোফাইল কাণ্ডে বিজেপিকে তোপ সায়ন্তিকার
ভোটের আগে বড় চক্রান্ত? সায়ন্তিকার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তথ্য হাতানোর অভিযোগ
Truth of Bengal: বরানগরে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই চরমে উঠছে। মাটির লড়াই এবার পৌঁছে গিয়েছে সোশাল মিডিয়ার যুদ্ধক্ষেত্রে। তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে দলীয় কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নির্বাচনী প্রচারের শুরু থেকেই বরানগরে তৃণমূল ও বিজেপির মধ্যে একাধিকবার সংঘর্ষ, বাধা ও পাল্টা অভিযোগ সামনে এসেছে। বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচারে বাধা দেওয়া থেকে শুরু করে তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত আনার অভিযোগ—দুই পক্ষই একে অপরকে নিশানা করেছে বারবার। তবে এবার সেই লড়াই ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তাঁর নামে তৈরি ভুয়ো ফেসবুক প্রোফাইল থেকে তৃণমূল কর্মীদের নানা ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হচ্ছে এবং আপত্তিকর প্রশ্ন করা হচ্ছে। বিষয়টি সামনে আসতেই তিনি সরাসরি বিজেপির আইটি সেলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, “আমার একটাই ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল আছে। এর বাইরে সবকিছুই ভুয়ো এবং পরিকল্পিত চক্রান্ত।”
তিনি আরও বলেন, জনসমর্থন হারানোর আশঙ্কাতেই বিজেপি এই ধরনের ‘অসভ্য ও বর্বর’ কৌশল নিচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি সাইবার ক্রাইম বিভাগের নজরে আনা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
২০২৪ সালের উপনির্বাচনে জয়ী হয়ে বরানগরের বিধায়ক হন সায়ন্তিকা। এরপর থেকেই এলাকায় সক্রিয়ভাবে কাজ করে নিজের জনসংযোগ বাড়িয়েছেন তিনি। সেই কারণেই ২০২৬-এর নির্বাচনে তাঁকেই আবার প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু ভোটের আগে এই নতুন বিতর্ক রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।



