Truth of Bengal: বরানগরে নির্বাচনী প্রচারে গিয়ে আবারও বিতর্কের মুখে পড়লেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। শুক্রবার সকালে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ, ভোট চাইতে গিয়ে হঠাৎই এলাকার কিছু মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁর উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন, যার জেরে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
ঘটনাটি ঘটে বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শীতলা মাতা লেন এলাকায়। সজল ঘোষ যখন দলীয় কর্মীদের সঙ্গে প্রচারে ব্যস্ত, ঠিক সেই সময় স্থানীয়দের একাংশ প্রতিবাদে সরব হন। তৃণমূলের অভিযোগ, প্রচারের সময় অশ্রাব্য ভাষা ব্যবহার করায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান বিশেষ করে এলাকার মহিলারা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
এই ঘটনা নতুন নয় বলেই মনে করছেন অনেকেই। ২০২৪ সালের উপনির্বাচনের সময়ও একাধিকবার একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সজল ঘোষকে। ফলে ফের একই চিত্র সামনে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বরানগর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর তথা তৃণমূল নেতা অঞ্জন পাল বলেন, “প্রচারের নামে অশালীন আচরণ করা হচ্ছিল। এলাকার মানুষ, বিশেষ করে মহিলারা তার প্রতিবাদ জানিয়েছেন।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে সজল ঘোষের দাবি, “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, আমি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না।”
এদিকে, রাজ্যের অন্যান্য জায়গাতেও বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের ছবি সামনে আসছে বলে দাবি শাসক দলের। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও একই ধরনের ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভোটের আগে গেরুয়া শিবির কিছুটা অস্বস্তিতে পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।