কলকাতা

তোলাবাজি-মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা শঙ্কর রাউত, বরানগরে চাঞ্চল্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বরানগরের বহুরূপী এলাকায় একাধিক মহিলার সঙ্গে বচসা ও মারধরের ঘটনায় জড়িয়ে পড়েন শঙ্কর রাউতের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী

Truth of Bengal: তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হল বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউতকে। তাঁর সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন অর্পণ দত্ত ও বনি নামে দুই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বরানগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বরানগরের বহুরূপী এলাকায় একাধিক মহিলার সঙ্গে বচসা ও মারধরের ঘটনায় জড়িয়ে পড়েন শঙ্কর রাউতের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী।

অভিযোগ, ওই ঘটনার পর শঙ্কর রাউত নিজে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে করে অভিযুক্তদের বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল চত্বরে পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কীভাবে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে অভিযুক্তদের আনা হল, তা নিয়েই প্রশ্ন তুলতে থাকেন এলাকাবাসী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকেই শঙ্কর রাউত-সহ মোট চারজনকে প্রথমে আটক করা হয়। পরে তাঁদের মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, এর আগেও শঙ্কর রাউত ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। গত ১৩ ফেব্রুয়ারি বরানগরে এক ইন্টিরিয়র ডিজাইনারকে মারধরের ঘটনায় শঙ্কর রাউতের ঘনিষ্ঠ অনুগামী অর্পণ দত্ত গ্রেফতার হয়ে জেলও খেটেছিলেন।

Related Articles