ভোটের আগে বিজেপির ‘ওয়ার রুম’ চালু! বালুরঘাট থেকে মমতাকে কড়া আক্রমণ সুকান্তর
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: ভোটের আগে সংগঠন মজবুত করতে জোরকদমে মাঠে নেমেছে বিজেপি। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার এবং বালুরঘাট বিধানসভার প্রার্থী বিদ্যুৎ কুমার রায়-সহ একাধিক নেতা-কর্মী।অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, জেলা কার্যালয় থেকেই নির্বাচনী লড়াইয়ের রণকৌশল সাজানো হবে।
একইসঙ্গে উত্তরবঙ্গের সভা থেকে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগের কড়া জবাব দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মহিলাদের নাম বাদ দেওয়ার যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেন সুকান্ত। তাঁর কথায়, ‘‘সরকার চলে যাওয়ার আশঙ্কাতেই এ ধরনের মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী।’’
এ দিন এসআইআর প্রক্রিয়া নিয়েও সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, দেশের অন্য রাজ্যে এই প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হলেও বাংলায় তৃণমূল কংগ্রেসের অবস্থানের কারণেই সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তকেও তিনি এই জটিলতার অন্যতম কারণ বলে উল্লেখ করেন। ভোটের মুখে রাজনৈতিক চাপানউতোরের আবহে এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জেলার রাজনীতিতে।






