রাজ্যের খবর

নিজস্ব ওয়ার্ডে জোর প্রচার সুকান্তর, বিদ্যুৎ রায়ের সমর্থনে তৎপর বিজেপি

নিজের ওয়ার্ডে দাঁড়িয়ে প্রচার করায় স্বাভাবিকভাবেই কর্মসূচিতে আলাদা গুরুত্ব দেখা যায়।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: নির্বাচনের আবহে মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সন্ধ্যা হল এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও চড়ল।বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে প্রচারে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। নিজের ওয়ার্ডে দাঁড়িয়ে প্রচার করায় স্বাভাবিকভাবেই কর্মসূচিতে আলাদা গুরুত্ব দেখা যায়।

এদিন সুকান্ত মজুমদার প্রার্থী বিদ্যুৎ রায়কে পাশে নিয়ে ২২ নম্বর ওয়ার্ডে প্রচার করেন। এই ওয়ার্ডটি সুকান্ত মজুমদারের নিজস্ব এলাকা, যেখানে তিনি নিজেও ভোট প্রদান করেন।ফলে এলাকার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ এবং পরিচিতির ছাপ স্পষ্টভাবে ধরা পড়ে গোটা প্রচারপর্বে। রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, ভোটের আবেদন জানান এবং বিজেপির পক্ষে সমর্থন চেয়ে নেন তিনি।প্রচার ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, স্লোগান এবং মিছিলের মাধ্যমে গোটা এলাকা মুখর হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের একাংশও এই প্রচারে সামিল হন বলে জানা যায়।

এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “আজ আমার নিজের ওয়ার্ড, যেখানে আমি ভোট দিই, সেই ২২ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ রায়ের সমর্থনে প্রচার করতে এসেছি। সকলের কাছে আবেদন, তিন নম্বর বোতাম টিপে তাঁকে জয়ী করুন।”নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি জোরদার হচ্ছে।নিজেদের ঘাঁটি মজবুত করতে প্রতিটি দলই মাঠে নেমেছে সর্বশক্তি দিয়ে। মঙ্গলবারের এই প্রচার সেই ছবিকেই আরও একবার স্পষ্ট করে দিল।

Related Articles