আন্তর্জাতিক

বিমানের সিঁড়িতে শ্লথ পা, চোখেমুখে ক্লান্তি! নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে হইচই

ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিতর্কের ইতিহাস অবশ্য নতুন নয়।

Bangla Jago Desk: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ফ্লোরিডার মার-আ-লাগোতে তাঁর একটি ভিডিও প্রকাশ্যে আসতেই এই আলোচনার পালে হাওয়া লেগেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এয়ারফোর্স ওয়ান বিমান থেকে নামার সময় ট্রাম্পকে অত্যন্ত পরিশ্রান্ত ও ধীরগতিতে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। এই দৃশ্য দেখার পর থেকেই মার্কিন প্রেসিডেন্টের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে হোয়াইট হাউসের তরফে এই জল্পনা উড়িয়ে দিয়ে জানানো হয়েছে যে, ট্রাম্প সম্পূর্ণ সুস্থ এবং সবল রয়েছেন। হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন তাঁকে ‘স্বাস্থ্যবান প্রেসিডেন্ট’ হিসেবেই অভিহিত করেছেন।

ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিতর্কের ইতিহাস অবশ্য নতুন নয়। গত বছরের ডিসেম্বরে তাঁর ডান হাতের একটি ব্যান্ডেজ ঘিরেও সমাজমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট ব্যাখ্যা দিয়েছিলেন যে, ক্রমাগত করমর্দন এবং নিয়মিত অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ার ফলে হাতে কালশিটে দাগ দেখা দিতে পারে, যা ঢাকার জন্যই ওই ব্যান্ডেজ ব্যবহার করা হয়েছিল। এছাড়া বিভিন্ন জনসভায় সুদের হার বা অর্থনীতি নিয়ে কথা বলার সময় কয়েকবার খেই হারিয়ে ফেলায় তাঁর মানসিক সতর্কতা নিয়েও বিরোধীরা সরব হয়েছেন।

নিজের শারীরিক সক্ষমতা নিয়ে ওঠা সমস্ত প্রশ্নকে ট্রাম্প বরাবরই নস্যাৎ করে এসেছেন। জনসমক্ষে তিনি নিজেকে সুস্থ বলে দাবি করলেও, বারবার তাঁর শরীরে দেখা যাওয়া ছোটখাটো চোট বা চলাফেরার শ্লথতা সংবাদমাধ্যমের নজরে চলে আসছে। এবারের ভিডিওটি ঘিরে তৈরি হওয়া বিতর্ক মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্টের স্বাস্থ্যের বিষয়টি আবারও সামনে নিয়ে এল, যদিও হোয়াইট হাউস একে নিছকই অপপ্রচার বলে দাবি করছে।

Related Articles