সহস্রাব্দের প্রাচীন ঐতিহ্যে নতুন ছোঁয়া; বিষ্ণুপুরের বড় কালী মন্দিরে তোরণ উদ্বোধন
স্থানীয় সূত্রে জানা গেছে, যখন এলাকায় ‘আমার পাড়া আমার সমাধান’ কর্মসূচি পালিত হয়, তখন ওয়ার্ডের বাসিন্দারা সমবেতভাবে মূল রাস্তার পাশে একটি স্থায়ী তোরণ নির্মাণের দাবি জানিয়েছিলেন।
কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাঁকুড়া জেলার ঐতিহাসিক শহর বিষ্ণুপুরের জনমানসে বড় কালী মায়ের মাহাত্ম্য অপরিসীম। প্রায় হাজার বছরের প্রাচীন এই মন্দিরের প্রতি এলাকার মানুষের দীর্ঘদিনের আবেগ ও শ্রদ্ধা জড়িয়ে রয়েছে। সেই জনআবেগকে মান্যতা দিয়েই রাজ্য সরকারের ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের মাধ্যমে বিষ্ণুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নির্মিত হল বড় কালী মায়ের সুদৃশ্য তোরণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, যখন এলাকায় ‘আমার পাড়া আমার সমাধান’ কর্মসূচি পালিত হয়, তখন ওয়ার্ডের বাসিন্দারা সমবেতভাবে মূল রাস্তার পাশে একটি স্থায়ী তোরণ নির্মাণের দাবি জানিয়েছিলেন। জনমানসের সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়। লক্ষ্যণীয় বিষয় হল, প্রশাসনিক তৎপরতায় মাত্র এক মাসের মধ্যেই তোরণ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
গতকাল রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই তোরণের শুভ উদ্বোধন করেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় কাউন্সিলর। তোরণটিকে আরও আকর্ষণীয় করে তুলতে এতে অত্যাধুনিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। প্রাচীন এই ঐতিহ্যের প্রবেশদ্বারে এমন সুন্দর কাজ হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ ও ভক্তরা।
পৌরসভা সূত্রে জানানো হয়েছে, এলাকার মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগের কথা মাথায় রেখেই দ্রুততার সাথে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে বড় কালী মায়ের মন্দিরে যাতায়াতের পথটি যেমন চিহ্নিত হলো, তেমনই শহরের সৌন্দর্য্যও বৃদ্ধি পেল।






