বিষ্ণুপুর লালবাঁধে অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক
এরপরই তাঁরা খবর দেন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: সাত সকালে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লালবাঁধ দিঘি থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণকারীরা প্রথম ওই ব্যক্তিকে জলে নামতে দেখে কয়েক মুহূর্তের মধ্যেই ডুবে যেতে দেখেন। এরপরই তাঁরা খবর দেন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা নৌকা নিয়ে দিঘিতে তল্লাশি চালিয়ে ব্যক্তির দেহ উদ্ধার করেন। মৃতের বয়স প্রায় ষাট বছরের আশেপাশে বলে অনুমান।
প্রাচীন ঐতিহ্যবাহী লালবাঁধে ফের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই সকালে হাঁটতে গিয়ে তাঁরা ঘটনাটি প্রত্যক্ষ করেন।পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা এখনও স্পষ্ট নয়।মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।






