বাঙালিয়ানার জয়গান: রবীন্দ্রভবন প্রাঙ্গণে রকমারি মাছের স্বাদে মজেছে দুর্গাপুরবাসী
রবিবার শহরের রবীন্দ্রভবন প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল এই একদিনের বিশেষ খাদ্য উৎসব।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সেই উৎসবের তালিকায় এবার বিশেষ জায়গা করে নিল দুর্গাপুরের ‘মাছে-ভাতে বাঙালি’ উৎসব। রবিবার শহরের রবীন্দ্রভবন প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল এই একদিনের বিশেষ খাদ্য উৎসব। এবছর অনুষ্ঠানটি তার সফল পঞ্চম বর্ষে পদার্পণ করল।
৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও এই অভিনব উৎসবের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঙালির প্রিয় মাছের পদগুলোকে কেন্দ্র করেই এই মিলনমেলার পরিকল্পনা। মেলায় প্রবেশের জন্য পরিবার পিছু ১০০ টাকা ধার্য করা হয়েছিল।
এবারের বিশেষ আকর্ষণ ছিল রকমারি মাছের পদ। ইলিশ, চিংড়ি থেকে শুরু করে প্রায় ১৬ ধরনের ভিন্ন স্বাদের মাছের পদ পরিবেশন করা হয় উৎসবে। আমন্ত্রিত এবং অংশগ্রহণকারীরা তৃপ্তি সহকারে রসনাস্বাদন করেন। বাঙালির চিরকালীন খাদ্যসংস্কৃতিকে বজায় রাখতেই এই প্রচেষ্টা বলে জানিয়েছেন আয়োজকরা।
রবিবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই রবীন্দ্রভবন প্রাঙ্গণে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ সপরিবারে এই উৎসবে শামিল হন। খাওয়া-দাওয়ার পাশাপাশি আড্ডা এবং পারস্পরিক আলাপচারিতায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দুর্গাপুরের বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়দের মতে, যান্ত্রিক এই শিল্পশহরে এধরণের অনুষ্ঠান বাঙালির হারানো সংস্কৃতি ও ভাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।





