জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা পোর্টাল, কবে থেকে শুরু হবে কাজ?
কমিশন সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভিত্তিক এই পোর্টাল সোমবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Truth Of Bengal: অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুততর করতে জুডিশিয়াল অফিসারদের জন্য বিশেষ অনলাইন পোর্টাল তৈরির কাজ শুরু হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভিত্তিক এই পোর্টাল সোমবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রতিটি বিধানসভা এলাকাভিত্তিক অভিযোগের তথ্য ও নথি আপলোডের সুবিধা রাখা হচ্ছে এই পোর্টালে। তবে এখনও পর্যন্ত ঠিক কত সংখ্যক অভিযোগ জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তি করতে হবে, তার চূড়ান্ত তালিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রস্তুত হয়নি। কমিশন সূত্রের খবর, সোমবার লাঞ্চ ব্রেকের আগেই সেই তালিকা চূড়ান্ত করে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
তালিকা হাতে পেলেই সোমবার দুপুরের পর থেকেই জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তির কাজ শুরু করতে পারবেন বলে কমিশনের আশা। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে ১৪ ফেব্রুয়ারি শুনানি পর্ব শেষ হয়েছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত যাচাই পর্ব শেষ হয়েছে। লজিক্যাল ডিসক্রেপেন্সি’র আওতায় থাকা ভোটারদের বাকি কাজ আইনগত দেখভালের ওপর নির্ভর করেই হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর আলাদা করে জুডিশিয়াল অফিসারদের জন্য পোর্টাল তৈরি করার কাজ এগোচ্ছে। এদিকে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে একাধিক দফায় আলোচনা সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে স্বচ্ছ ও সময়বদ্ধ রাখতেই এই উদ্যোগ বলে কমিশন সূত্রে দাবি।






