রাজ্যের খবর

নামসংকীর্তন আর বৈদিক মন্ত্রোচ্চারণে অভ্যর্থনা, সরস্বতী মহারাজের জন্মজয়ন্তীতে মায়াপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

তাঁর যাতায়াতের পথে ভক্তদের নামসংকীর্তনের আয়োজন থাকবে বলে ইসকন সূত্রে জানা গেছে।

Truth Of Bengal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সফরে এসে নদীয়ার ইসকন মায়াপুর-এ একটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। প্রায় দেড় ঘণ্টার এই সফরে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সূত্রের খবর, বুধবার দুপুর প্রায় ২টা ২৫ মিনিটে তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে পৌঁছে মন্দির চত্বরে গল্ফ কার্টে করে প্রবেশ করার কথা রয়েছে। তাঁর যাতায়াতের পথে ভক্তদের নামসংকীর্তনের আয়োজন থাকবে বলে ইসকন সূত্রে জানা গেছে।

মায়াপুর ইসকনের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৈদিক গুরুকুলের ছাত্ররা মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানাবেন। পরে মন্দিরের অভ্যন্তরে জয়পতাকা স্বামী তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানাবেন।

সফরসূচি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী রাধামাধব ও পঞ্চতত্ত্বর বিগ্রহ দর্শন করবেন। এরপর ইসকনের পদ্ম ভবনে সাধু-সন্তদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখান থেকেই তিনি মূল জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন।

তাঁর আগমনকে কেন্দ্র করে মায়াপুর এলাকায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাজ্য ও জেলা স্তরের বিজেপি নেতাকর্মীরাও ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

Related Articles