স্বনির্ভর বাংলার প্রথম দিনেই নজির, ৬ লক্ষের বেশি আবেদন জমা
এই কর্মসূচির আওতায় যুব সাথী, লক্ষীর ভান্ডার সহ মোট চারটি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
Truth Of Bengal: রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া ‘স্বনির্ভর বাংলা’ কর্মসূচির প্রথম দিনেই বিপুল সাড়া মিলেছে রাজ্যজুড়ে। নবান্ন সূত্রে খবর, উদ্বোধনের দিনেই ৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বিভিন্ন প্রকল্পের জন্য।
এই কর্মসূচির আওতায় যুব সাথী, লক্ষীর ভান্ডার সহ মোট চারটি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রথম দিনের পরিসংখ্যান অনুযায়ী, মোট আবেদনের প্রায় ৯০ শতাংশই জমা পড়েছে যুব সাথী প্রকল্পের জন্য। অর্থাৎ, প্রায় সাড়ে পাঁচ লক্ষ আবেদন শুধুমাত্র যুব সাথীর অধীনেই প্রথম দিনেই জমা পড়েছে গোটা রাজ্য জুড়ে।
রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ শিবিরের মাধ্যমে আবেদন সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন জেলায় রবিবার সকাল থেকেই উপভোক্তাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। প্রশাসনের দাবি, কর্মসংস্থান ও আর্থিক সহায়তা সংক্রান্ত প্রকল্পগুলির প্রতি সাধারণ মানুষের আগ্রহই এই বিপুল সাড়ার মূল কারণ।
নবান্নের এক আধিকারিক জানান, প্রথম দিনের অভিজ্ঞতার ভিত্তিতে শিবিরগুলিতে পরিকাঠামো আরও জোরদার করা হবে। নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।


