রাজ্যের খবর

ফরাক্কায় পেট্রোল পাম্পের আড়ালে অস্ত্র লেনদেনের ছক বানচাল, ধৃত আসরাফুল শেখ

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আসরাফুল শেখ (৪৫)।

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশের একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতর করেছেন আধিকারিকরা।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আসরাফুল শেখ (৪৫)। তিনি মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর এলাকার বাসিন্দা। শনিবার রাতে ফরাক্কার ওই পেট্রোল পাম্প এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি বিশেষ দল সেখানে হানা দেয়। আসরাফুলকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র হাতবদলের উদ্দেশ্যেই আসরাফুল অপেক্ষা করছিলেন। বড় কোনো চক্রের কাছে এই মারণাস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে লেনদেনের আগেই তাঁকে হাতেনাতে পাকড়াও করেন তদন্তকারীরা।

শনিবার রাতেই ধৃতকে কলকাতায় এসটিএফ দফতরে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার তাঁকে আদালতে পেশ করার কথা। এই কারবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত এবং অস্ত্রগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ।

Related Articles