বাণিজ্যিক করিডরে জুড়ে যাচ্ছে বাংলা ও গুজরাট! বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের
নির্মলা সীতারমণ জানিয়েছেন, দেশজুড়ে মোট সাতটি হাইস্পিড রেল করিডর নির্মাণ করা হবে।
Truth Of Bengal: পণ্য পরিবহণে বাংলার সঙ্গে গুজরাটকে যুক্ত করার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছেন, হুগলির ডানকুনি থেকে শুরু করে গুজরাটের সুরাট পর্যন্ত একটি ফ্রেট করিডর তৈরি করা হবে। পাশাপাশি বাজেটে বারাণসী-শিলিগুড়ি রেল করিডরের কথাও ঘোষণা করেছেন তিনি।
নির্মলা সীতারমণ জানিয়েছেন, দেশজুড়ে মোট সাতটি হাইস্পিড রেল করিডর নির্মাণ করা হবে। এই সাতটির মধ্যে রয়েছে বারাণসী-শিলিগুড়ি রেল করিডর। বাকি করিডরগুলো হলো মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু এবং দিল্লি-বারাণসী। এই রেল করিডরগুলোর মাধ্যমে অর্থনৈতিক হাব, তথ্যপ্রযুক্তি হাব, পরিকাঠামো ক্লাস্টার ও উন্নয়নশীল শহরগুলোকে যুক্ত করা হবে। ফলে এই শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমে যাবে, যা উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে মত নির্মলার।
বঙ্গভূমির ভোটমুখী পরিবেশের প্রেক্ষিতে বাংলার জন্যও ফ্রেট করিডরের ঘোষণা আসে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে ২০টি নতুন জাতীয় জলপথ খোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এসব জলপথ সড়ক পরিবহণের সঙ্গে সংযুক্ত করা হবে, ফলে দেশজুড়ে পণ্য পরিবহণ আরও সহজ ও দ্রুত হবে। বিশেষজ্ঞদের মতে, পরিকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহণের সহজতা বিনিয়োগের জন্য আকর্ষণ বাড়ায়, কারণ বিনিয়োগকারীরা প্রায়ই পণ্য পরিবহণ কতটা নির্বিঘ্নে হচ্ছে সেটাই গুরুত্বের সঙ্গে দেখেন।
অর্থমন্ত্রী আরও জানান, ছোট শহরগুলোতেও পণ্য পরিবহণের পরিকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি পাঁচটি শিল্পতালুকের উন্নয়নের জন্য কেন্দ্র ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই উদ্যোগগুলি দেশের শিল্প ও বাণিজ্যিক উন্নয়নে নতুন গতিশীলতা আনবে বলে মনে করা হচ্ছে।






