বাজেটের দিন ঐতিহ্যের ছোঁয়া, দক্ষিণ ভারতের শাড়িতে নজর কাড়লেন নির্মলা সীতারমণ
শাড়ির পাড়ে ছিল গাঢ় চকলেট রঙ, তার উপর রূপোলি ও সোনালি জড়ি দিয়ে বোনা জোড়া ফিতে পাড়।
Truth Of Bengal: রাষ্ট্রপতি ভবন ঘুরে সংসদে বাজেট পেশ করতে পৌঁছালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রতি বছরের মতোই এ বারও তাঁর পোশাক দেশবাসীর দৃষ্টি কেড়ে নিল। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট বক্তৃতার জন্য নির্মলা বেছে নিয়েছিলেন দেশের এক ঐতিহ্যবাহী বুননের রেশমের শাড়ি। মভ ঘেঁষা মেরুন রঙের এই শাড়িটি বোনা হয়েছে রেশম ও জড়ির সূক্ষ্ম কাজে। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী শাড়ির প্রতি তাঁর ভালোবাসার ছাপ স্পষ্ট ছিল এই পোশাকেও—যা স্বাভাবিক, কারণ নির্মলা নিজেও দক্ষিণ ভারতের কন্যা।
মভ আভাযুক্ত মেরুন জমিনে সোনালি সুতোয় সূক্ষ্ম চেকের কাজ শাড়িটিকে করে তুলেছিল আরও আকর্ষণীয়। শাড়ির পাড়ে ছিল গাঢ় চকলেট রঙ, তার উপর রূপোলি ও সোনালি জড়ি দিয়ে বোনা জোড়া ফিতে পাড়। সেই পাড়ে জড়ির কয়েন মোটিফ শাড়িটিকে দিয়েছে এক অনন্য নান্দনিকতা। এই ধরনের বুনন সাধারণত দক্ষিণ ভারতের একটি নির্দিষ্ট রাজ্যের শাড়িতেই দেখা যায়।
যদিও শাড়িটি দেখতে খানিকটা তামিলনাড়ুর বিখ্যাত কাঞ্জিভরম শাড়ির মতো, তবে আদতে তা কাঞ্জিভরম নয়। নির্মলা পরেছিলেন রেশমের গাদওয়াল শাড়ি। এই শাড়ির উৎপত্তি অন্ধ্রপ্রদেশে হলেও বর্তমানে এর জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশন (GI) ট্যাগ রয়েছে তেলঙ্গনার নামে।
সাধারণত শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ় বেছে নেওয়ার জন্য পরিচিত নির্মলা সীতারমণ, তবে বাজেটের দিন তিনি কিছুটা ব্যতিক্রমী পথেই হাঁটলেন। এ দিন তিনি পরেছিলেন সর্ষে হলুদ রঙের উলের ব্লাউজ়। তার সঙ্গে শাড়ির পাড়ের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে গাঢ় চকলেট রঙের উলের শাল জড়িয়েছিলেন তিনি। ঐতিহ্য ও ব্যক্তিগত রুচির মেলবন্ধনে তাঁর এই সাজ বাজেটের দিনেও আলাদা করে নজর কেড়েছে।






