গালে টোল পড়া সেই হাসি উধাও, মুখে বলিরেখা! জনের নতুন লুক ঘিরে তোলপাড় সমাজমাধ্যম
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট ও প্যান্ট পরা জনকে।
Truth Of Bengal: জন আব্রাহাম আজও বহু অনুরাগীর কাছে তিনি ‘জিস্ম’ ও ‘ধুম’-এর সেই চেনা অভিনেতাই। সুঠাম পেশিবহুল শরীর, গালে টোল পড়া হাসি একসময় ঝড় তুলেছিল মহিলা অনুরাগীদের মনে। কিন্তু সম্প্রতি জনের একেবারে ভিন্ন চেহারা সামনে আসতেই চমকে গিয়েছেন তাঁর ভক্তরা। অভিনেতার এই নতুন লুক ঘিরে শুরু হয়েছে জল্পনা ও উদ্বেগ।
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট ও প্যান্ট পরা জনকে। হাতের পেশি এখনও নজর কাড়লেও মুখের চেহারায় এসেছে আমূল পরিবর্তন। আগের তুলনায় অনেকটাই ওজন কমে গিয়েছে তাঁর। মাথায় ধরা পড়েছে কাঁচাপাকা চুল, মুখে স্পষ্ট বলিরেখা। এমন লুকে জনকে দেখতে অভ্যস্ত নন তাঁর অনুরাগীরা, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—হঠাৎ এমন বদল কেন?
ছবিগুলিতে জনকে তাঁর সহযোগী দলের সদস্যদের সঙ্গে দেখা গেছে। যদিও এই চেহারার কোনও ছবি বা ব্যাখ্যা তিনি নিজে সমাজমাধ্যমে প্রকাশ করেননি। ফলে জল্পনা আরও বেড়েছে। অনুরাগীদের একাংশ তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ লিখেছেন, “জন ঠিক আছেন তো? এত বদল কেন?” আবার কারও প্রশ্ন, “এই ছবিগুলো কি আদৌ সত্যি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি?”
অনেকে মনে করছেন, হঠাৎ ওজন কমে যাওয়ার কারণেই মুখের বয়সের ছাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। এক অনুরাগী মন্তব্য করেছেন, “জনের বয়স এখন ৫৪। বয়সের সঙ্গে চেহারায় পরিবর্তন আসা খুব স্বাভাবিক। অযথা নেতিবাচক মন্তব্য করা উচিত নয়।” আবার কেউ কেউ ধারণা করছেন, কোনও নতুন চরিত্রের প্রয়োজনে ইচ্ছাকৃতভাবেই এমন লুক তৈরি করেছেন অভিনেতা।
এই বিষয়ে এখনও পর্যন্ত জন আব্রাহামের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, তাঁকে শেষ দেখা গিয়েছিল ছবি ‘তেহরান’-এ, যা দর্শকমহলে যথেষ্ট প্রশংসা পেয়েছে। নতুন লুকের নেপথ্যে ঠিক কী কারণ, সে বিষয়ে আপাতত অপেক্ষা করতেই হচ্ছে অনুরাগীদের।






