কলকাতা

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: গুদাম থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার, এখনও নিখোঁজ অনেকে

ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

Truth Of Bengal: আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ। এখনও কয়েক জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আগুন আংশিক নিয়ন্ত্রণে আসার পর গ্যাস কাটার ব্যবহার করে গুদামের ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেছেন দমকলকর্মীরা।

দমকল সূত্রে জানা গেছে, ওই গুদামে মূলত শুকনো ও প্যাকেটজাত খাদ্যসামগ্রী এবং ঠান্ডা পানীয়ের বোতল মজুত করা ছিল। আগুন পাশাপাশি থাকা দু’টি গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে বিপুল পরিমাণ মালপত্র পুড়ে গেছে। সোমবার ভোররাত প্রায় ৩টা নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর আসে। তবে গুদামটি সরু গলির ভিতরে থাকায় আগুন নেভানোর কাজে সমস্যা হয়। প্রায় ১২টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার বেলা ১১টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও এখনও কিছু জায়গায় আগুন জ্বলছে।

ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। মন্ত্রী জানান, পুলিশ ও দমকল যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও ভিতরে কেউ আটকে আছেন কি না, তা সম্পূর্ণ তল্লাশির পরই নিশ্চিত হওয়া যাবে।

কী ভাবে গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে জানা গেছে, রাতের শিফটে কর্মরত কয়েক জন ভিতরে আটকে পড়েছিলেন। বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার জানান, “এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। বাকিদের খোঁজ চলছে।” পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুদামের বাইরে নিখোঁজদের পরিবার ও পরিজনেরা ভিড় করে রয়েছেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, রাত প্রায় ১টা থেকেই গুদামে আগুন লাগে। ভিতরে আটকে পড়া কর্মীরা ফোন করে সাহায্য চান এবং বেরোনোর জন্য দেওয়াল ভাঙার চেষ্টার কথাও জানান। তবে কিছু সময়ের পর তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। গুদামটি গলির ভিতরে থাকায় দমকলকর্মীদের লম্বা পাইপ ব্যবহার করে জল দিতে হয়, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত পুরো পরিস্থিতি স্পষ্ট হওয়া কঠিন বলে জানিয়েছে দমকল।

Related Articles