বিশ্বকাপের ভেন্যু বদলের দাবি নিয়ে ওপার বাংলাকে তুলোধোনা মনোজের
বাংলাদেশে রাজনীতি ঢুকে পড়েছে ক্রিকেটে, আর তার ফলেই এমন সিদ্ধান্ত সামনে আসছে।
Truth of Bengal: টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর জন্য বাংলাদেশের অনুরোধ ঘিরে এবার সরব হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের পিছনে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে। নিরাপত্তাজনিত আশঙ্কার যুক্তিকেও তিনি খারিজ করে দিয়েছেন।এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, এই সিদ্ধান্ত বোর্ডের পক্ষ থেকে আসেনি।সাধারণত অন্যান্য দেশে ক্রিকেট বোর্ড স্বশাসিত হয়, সেখানে রাজনৈতিক বা মন্ত্রিসভার হস্তক্ষেপ খুব সীমিত থাকে। কিন্তু বাংলাদেশে রাজনীতি ঢুকে পড়েছে ক্রিকেটে, আর তার ফলেই এমন সিদ্ধান্ত সামনে আসছে।নিরাপত্তা প্রসঙ্গ তুলে তিওয়ারি আরও বলেন, যদি নিরাপত্তাই প্রশ্ন হয়, তাহলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভারতের আশ্রয়ে রয়েছেন এবং নিরাপদেই আছেন। ভারতের কেন্দ্রীয় সরকার তাঁকে নিরাপত্তা দিয়েছে। যদি কোনও দেশের প্রধানমন্ত্রী এখানে নিরাপদে থাকতে পারেন, তাহলে ক্রিকেটাররাও অবশ্যই নিরাপদ থাকবেন।
উল্লেখ্য, আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই আবেদন খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ, যা ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। গত বছর এই পরিস্থিতির জেরে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়, আইপিএল ২০২৬ স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। সেই ঘটনার পরই নিরাপত্তার কথা তুলে বাংলাদেশ বিশ্বকাপে ভারতে আসতে অনিচ্ছা প্রকাশ করে বলে জানা যায়। মনোজ তিওয়ারির মতে, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন বাংলাদেশের ক্রিকেটাররাই। তিনি বলেন, এটা খেলোয়াড়দের জন্য বিরাট ক্ষতি। প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলে দেশের হয়ে ভালো পারফর্ম করার। এতে তাঁদের কেরিয়ারও উজ্জ্বল হয়। কিন্তু এই সিদ্ধান্ত খেলোয়াড়দের হাতে ছিল না।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ৯ ফেব্রুয়ারি একই মাঠে ইতালির মুখোমুখি হবে লিটন দাসের দল। ইংল্যান্ডের বিরুদ্ধেও ম্যাচ রয়েছে কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে খেলতে হবে।আইসিসির সিদ্ধান্তে আপাতত স্পষ্ট, নির্ধারিত সূচি অনুযায়ীই ভারতে খেলতে হবে বাংলাদেশকে—না হলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে তারা।






