খেলা

ইডেন ম্যাচের নায়ক সঞ্জু স্যামসন, বর্ণবিদ্বেষী পোস্টে তোলপাড় নেটদুনিয়া

গায়ের রং নিয়ে কটাক্ষ করে লেখা হয়েছিল, ‘একমাত্র কালো শক্তিই কালো শক্তিকে হারাতে পারে।

Truth Of Bengal: টি-২০ বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল নিশ্চিত করার নায়ক হয়েও বিতর্কের কেন্দ্রে সঞ্জু স্যামসন। রবিবার তাঁর দুরন্ত ইনিংসে উচ্ছ্বসিত হয়েছিল দেশ। কিন্তু ঠিক পরের দিনই সমাজমাধ্যমে এক বর্ণবিদ্বেষী পোস্ট ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। সেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কেরল কংগ্রেস।

বিতর্কের সূত্রপাত একটি আপত্তিকর পোস্টকে ঘিরে। সেখানে সঞ্জু এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের গায়ের রং নিয়ে কটাক্ষ করে লেখা হয়েছিল, ‘একমাত্র কালো শক্তিই কালো শক্তিকে হারাতে পারে।‘ আপাতদৃষ্টিতে প্রশংসা থাকলেও, মন্তব্যের ভেতরে বর্ণবিদ্বেষী ইঙ্গিত স্পষ্ট – এমনই অভিযোগ ক্রিকেটপ্রেমীদের। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ক্ষোভের ঝড়।

এই ঘটনার প্রেক্ষিতে কেরল কংগ্রেস কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপ দাবি করেছে। তাদের বক্তব্য, ভারতের মতো বহুত্ববাদী দেশে এ ধরনের নোংরা মানসিকতার কোনও স্থান নেই। যে ব্যক্তি এই মন্তব্য করেছেন, তাঁর বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। সঞ্জুকে ‘কেরলের গর্ব’ বলেও উল্লেখ করেছে তারা।
মাঠে অবশ্য এসব বিতর্কের কোনও প্রভাব পড়েনি সঞ্জুর পারফরম্যান্সে। ইডেনে ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে তিনি স্মরণ করেছেন নিজের দীর্ঘ ক্রিকেটযাত্রা। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশকের অভিজ্ঞতা তাঁকে পরিণত করেছে বলে জানিয়েছেন। বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির মতো সিনিয়রদের থেকে শেখা শিক্ষা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে।

রবিবারের ইনিংস প্রসঙ্গে সঞ্জুর মন্তব্য ছিল সংযত ও পরিণত। আগের ম্যাচে দ্রুত রান তোলার তাগিদ থাকলেও, এ দিন লক্ষ্য জানা ছিল বলেই ধৈর্য ধরে খেলেছেন। প্রতিটি বলের মান বুঝে এগিয়েছেন ধাপে ধাপে। নিজের কথায়, বিশেষ কিছু করেননি – তবে এটিকে জীবনের অন্যতম সেরা দিন বলতেই দ্বিধা করেননি।
একসময় নিজের সামর্থ্য নিয়ে সংশয় তৈরি হয়েছিল বলেও স্বীকার করেছেন সঞ্জু। কিন্তু দেশের হয়ে বড় মঞ্চে জ্বলে ওঠার স্বপ্নই তাঁকে এগিয়ে নিয়ে গেছে। বিতর্কের আবহে তাঁর ব্যাটই যেন সবচেয়ে জোরালো জবাব দিয়ে দিল।

Related Articles