অদম্য মানসিকতা ও নিষ্ঠার উদাহরণ প্রতীকা রাওয়াল, বিশেষ সম্মান প্রদান দিল্লি সরকারের
একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও টুর্নামেন্টের শেষ দিকে পায়ের চোট তাঁকে থামিয়ে দেয়।
Truth Of Bengal: ভারতীয় মহিলা ক্রিকেটে তৈরি হয়েছে নতুন ইতিহাস। ৫২ বছরের অপেক্ষা শেষে ওডিআই বিশ্বকাপ জয় করে গোটা দেশকে গর্বিত করেছে টিম ইন্ডিয়া। এই ঐতিহাসিক সাফল্যের মাঝে আলাদা করে নজর কেড়েছেন প্রতীকা রাওয়াল। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার দিল্লি রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে প্রদান করা হলো ১.৫ কোটি টাকার আর্থিক পুরস্কার। বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন প্রতীকা। একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও টুর্নামেন্টের শেষ দিকে পায়ের চোট তাঁকে থামিয়ে দেয়।
সেই কারণে সেমিফাইনাল ও ফাইনালে মাঠে নামতে না পারলেও, হুইলচেয়ারে করেই দলের বিশ্বজয় উৎসবে শামিল হতে দেখা যায় তাঁকে। চোটের মধ্যেও তিনি শেষ পর্যন্ত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে টুর্নামেন্ট শেষ করেন। শনিবার দিল্লির জনসেবা সদনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রতীকা রাওয়ালকে সংবর্ধনা জানান এবং তাঁর হাতে তুলে দেন দেড় কোটি টাকার চেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রোহণ জেটলি ও শিক্ষামন্ত্রী আশিস সুদ। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে প্রতীকার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি জানান, বিশ্বমঞ্চে দিল্লি ও ভারতের মুখ উজ্জ্বল করেছেন প্রতীকা। তাঁর অদম্য মানসিকতা ও খেলার প্রতি নিষ্ঠাই ভারতীয় নারীশক্তির প্রকৃত উদাহরণ। সেই সঙ্গে প্রতীকার আগামী দিনের সাফল্য আরও উজ্জ্বল হোক বলেও শুভেচ্ছা জানান তিনি। পরিসংখ্যানেও বিশ্বকাপে প্রতীকার অবদান ছিল চোখে পড়ার মতো। সাত ইনিংসে ৫১ গড়ে মোট ৩০৮ রান করে ভারতের ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি। মাঠের বাইরে থাকলেও দলের সাফল্যে তাঁর ভূমিকা যে অনস্বীকার্য, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, ODI বিশ্বকাপে সাত ইনিংসে ৫১ গড়ে মোট ৩০৮ রান করেছেন প্রতীকা রাওয়াল। পায়ের চোটের কারণে শেষ পর্বে খেলতে না পারলেও ব্যাট হাতে ভারতের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।



