কলকাতারাজ্যের খবর

জাতীয় কন্যা দিবসে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলের পোশাক, জুতো ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়েছে।

Bangla Jago Desk: জাতীয় কন্যা দিবস উপলক্ষে বাংলার তথা দেশের প্রতিটি কন্যাসন্তানের প্রতি ভালোবাসা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কন্যারাই ভবিষ্যৎ সমাজের প্রকৃত স্থপতি।মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেল বার্তায় উল্লেখ করেন, বাংলায় কন্যাসন্তানকে শুধু একটি দিনের জন্য নয়, সারা বছর জুড়েই উদযাপন ও ক্ষমতায়নের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়। জন্ম থেকে শিক্ষা, আত্মনির্ভরতা থেকে সামাজিক সুরক্ষা—জীবনের প্রতিটি ধাপে রাজ্য সরকার কন্যাদের পাশে সহযাত্রীর মতো দাঁড়িয়ে রয়েছে।

এই যাত্রার সূচনা হয়েছে রাজ্যের বিশ্বস্বীকৃত কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। বাল্যবিবাহ রুখে মেয়েদের শিক্ষায় ধরে রাখার লক্ষ্যে চালু এই প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি কন্যা আর্থিক সহায়তা পেয়েছে। পাশাপাশি সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্কুলে যাতায়াতের সুবিধার্থে ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হচ্ছে।শিক্ষার পথে কন্যাদের আরও সহায়তার জন্য শিক্ষা শ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, তরুণের স্বপ্ন সহ একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলের পোশাক, জুতো ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়েছে।

বিবাহের সময় রূপশ্রী প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রাপ্তবয়স্ক ও প্রবীণ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পে রাজ্যের ২.২১ কোটি মহিলা সরাসরি মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন। পরিবারের প্রধান স্তম্ভ হিসেবে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে স্বাস্থ‍্যসাথী প্রকল্পের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধাও দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আজ বাংলার কন্যারা বিজ্ঞান গবেষণাগার থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্র—সব জায়গাতেই সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করছে। তিনি জানান, কন্যারা যাতে নির্ভয়ে শ্বাস নিতে পারে, নির্ভীকভাবে শিখতে পারে এবং দৃঢ়ভাবে নেতৃত্ব দিতে পারে—সেই পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি রাজ্য সরকার পুনর্ব্যক্ত করছে।

Related Articles