বহরমপুরে পঙ্কজ রায়ের নামে ক্রিকেট অ্যাকাডেমি, উদ্বোধন করলেন পুত্র প্রণব রায়
বাবার নামাঙ্কিত এই অ্যাকাডেমির দেখভাল আমি নিজে করব।
Truth Of Bengal: মুর্শিদাবাদের বহরমপুরে এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুলের পঙ্কজ রায় ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করলেন তাঁর পুত্র প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রণব রায়। ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিবসে ওই অ্যাকাডেমির উদ্বোধন করে প্রণব রায় বলেন, আর পাঁচটা অ্যাকাডেমির মতো হবে না এই অ্যাকাডেমি।
বাবার নামাঙ্কিত এই অ্যাকাডেমির দেখভাল আমি নিজে করব। মাসে একবার অবশ্যই আসব বহরমপুরে। বাবার নামে অ্যাকাডেমি করতে পারিনি অতীতে। কলকাতায় একটা হয়েছিল বটে কিন্তু বহুদিন হল তা বন্ধ হয়ে গেছে। কিন্তু বহরমপুরে এই স্কুলের সঙ্গে আমি জড়িয়ে থাকব।
ওই স্কুলের চেয়ারম্যান প্রকাশ ঘোষ বলেন, আমরা চাই, এই স্কুল থেকে একজন ছেলে অথবা মেয়ে বাংলা টিমের হয়ে ক্রিকেট খেলুক। সেজন্য যা প্রয়োজন তা অবশ্যই করব। অ্যাডভেন্ট এডুকেশনের কর্ণধার অভিষেক দে সরকার অবশ্য আরও বড় স্বপ্ন দেখেন। তাঁর কথায়, এই স্কুলের ছেলেরা নিয়মিত ক্রিকেট খেলে। সর্বভারতীয় টুর্নামেন্ট খেলে। ফলে রাস্তাটা তৈরি আছে। বাকিটা আমাদের তৈরি করতে হবে। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ পিয়া বসাক।






