ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারে বড়সড় পুনর্গঠন, ১৪০টি অতিরিক্ত পদে অনুমোদন রাজ্যপালের
এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়িত হল বলে প্রশাসনিক মহলে মত।
Truth Of Bengal: রাজ্য সরকারের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারে গুরুত্বপূর্ণ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হল। যুগ্ম সচিব ও বিশেষ সচিব স্তরে মোট ১৪০টি অতিরিক্ত পদ সৃষ্টির অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়িত হল বলে প্রশাসনিক মহলে মত।
বুধবার কর্মচারী ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, যুগ্ম সচিব ও সমমর্যাদার (পে লেভেল–২১) ১০০টি নতুন পদ এবং বিশেষ সচিব ও সমমর্যাদার (পে লেভেল–২৪) ৪০টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এই পুনর্গঠনের ফলে বর্তমানে বিশেষ সচিব ও সমমর্যাদার মোট পদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪০টি, এবং যুগ্ম সচিব ও সমমর্যাদার পদের সংখ্যা বেড়ে হল ৩৫০টি।
ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারে বড়সড় পুনর্গঠন, ১৪০টি অতিরিক্ত পদে অনুমোদন রাজ্যপালের pic.twitter.com/D1SJthUzWO
— TOB DIGITAL (@DigitalTob) January 21, 2026
পাশাপাশি, যুগ্ম সচিব স্তরের বর্ধিত পদের ৪০ শতাংশ, অর্থাৎ ১৪০টি পদ রূপান্তরিত করে অতিরিক্ত সচিব (অ্যাডিশনাল সেক্রেটারি) স্তরে উন্নীত করারও অনুমোদন দেওয়া হয়েছে।অর্থ দফতরের সম্মতিক্রমে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এই পুনর্গঠনের ফলে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় গতি ও দক্ষতা বাড়বে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা বহু ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও মনে করছে প্রশাসনিক মহল।






